সংবাদদাতা, বর্ধমান: প্রতি বছরের মতো এবছরও ১৪ নভেম্বর থেকে ২০ নভেম্বর সারা দেশজুড়ে সমবায় সপ্তাহ উদযাপিত হচ্ছে। ৭১তম সর্বভারতীয় সমবায় সপ্তাহের এবছরের মূল ভাবনা ‘বিকশিত ভারত নির্মাণে সমবায়ের ভূমিকা’। সোমবার বর্ধমান-১ রেঞ্জ সমবায় অধিদপ্তর, জেলা কো-অপারেটিভ ইউনিয়ন, বর্ধমান সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক ও বর্ধমান সদর-১ ও ২ ব্লকের সমস্ত সমিতিগুলির সহযোগিতায় সদর-১ ব্লকের পারুই কৃষি উন্নয়ন সমিতিতে সাড়ম্বরে সমবায় সপ্তাহ পালিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারপার্সন কাকলি তা গুপ্ত, বর্ধমান সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের সহ সভাপতি দেবনারয়ণ গুহ, বর্ধমান-১ ব্লকের সভাপতি দুর্গা রাজমল্ল, এআরসিএস বর্ধমান রেঞ্জ-১ সৈকত ভট্টাচার্য, বর্ধমান সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের জেনারেল ম্যানেজার দীপক সরকার, অমিত রজক সহ অন্যান্য আধিকারিকরা। এদিনের সভায় বিভিন্ন বক্তারা রাজ্য সরকারের সমবায় দপ্তরের মূল ভাবনা ও উদ্যোগগুলি তুলে ধরেন। সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতির উন্নয়ন ও সমবায়ের মাধ্যমে প্রান্তিক চাষিদের বিভিন্ন সুবিধা প্রদান, শস্যবিমার সুবিধা, সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের মাধ্যমে কৃষকদের ঋণ প্রদানের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়নের বিষয়গুলি আলোচনা করা হয়।



