সংবাদদাতা, বর্ধমান: বর্ধমান সংস্কৃতি চর্চা কেন্দ্রের আয়োজনে শুক্রবার থেকে টাউন হল ময়দানে শুরু হল বর্ধমান লিটল ম্যাগাজিন মেলা–২০২৪। ২২ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত চলবে এই মেলা। মেলার সপ্তম বর্ষে উত্তর-পূর্ব ভারত এবং পশ্চিমবঙ্গের মোট ৮৯টি স্টল তাদের লিটল ম্যাগাজিনের সম্ভার নিয়ে উপস্থিত হয়েছে। মেলার বিশেষ আকর্ষণ দুষ্প্রাপ্য পত্র–পত্রিকা প্রদর্শনী। তালপাতার পুঁথির সঙ্গে তুলোট কাগজে লেখা পুঁথির প্রদর্শনীও রয়েছে। বিভিন্ন ধরনের লিটল ম্যাগাজিনের সঙ্গে ১৩৩৩ সালে প্রকাশিত হওয়া প্রথম লিটিল ম্যাগাজিন প্রমথ চৌধুরী সম্পাদনায় ‘সবুজপত্র’ রয়েছে। প্রতিদিন থাকছে কবিতা, অণুগল্প পাঠ, সাহিত্য বিষয়ক বিতর্ক ও আলোচনা সভা। মেলার উদ্বোধক সুবল সামন্ত বলেন, সৃজন সৃষ্টিতে সমাজ সুস্থ হতে পারে। তাই আমাদের উচিত ছোট পত্রিকা পড়ে সারস্বত চর্চাকে এগিয়ে নিয়ে যাওয়া। আয়োজক সংস্থার সম্পাদক রাজেশ হালদার বলেন, আমাদের উদ্দেশ্য এই মেলার মাধ্যমে নতুন প্রজন্মকে তুলে আনা এবং সৃজন চর্চাকে বাঁচিয়ে রাখা। সেইসঙ্গে কচিকাঁচাদের বইমুখী করে তোলাও আমাদের উদ্দেশ্যে। সভায় উপস্থিত ছিলেন বর্ধমান পুরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার, এসডিও(সদর নর্থ) তীর্থঙ্কর বিশ্বাস, এসডিও(সদর সাউথ) বুদ্ধদেব পান প্রমুখ।



