সংবাদদাতা, বর্ধমান: শেয়ার বাজারে লগ্নি এবং ঋণের টোপ দিয়ে আট লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিস। ধৃতের নাম বিদ্যুৎ পাল। বাড়ি বর্ধমান শহরের লাকুরর্ডি এলাকায়। বুধবার ভোরে সর্বমঙ্গলা মন্দির এলাকা থেকে পুলিস তাকে গ্রেপ্তার করে। ধৃতকে এদিনই বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। ধৃতকে দু’দিন পুলিস হেফাজতে রাখার নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম।
Advertisement
পুলিস জানিয়েছে, উত্তর ফটকের একটি চায়ের দোকানে রথতলার বাসিন্দা অলোক দত্তর সঙ্গে বিদ্যুতের পরিচয় হয়। সে শেয়ার মার্কেটে কাজ করে বলে জানায়। শেয়ার বাজারে লগ্নি করার জন্য তাঁকে টোপ দেয়। অলোকবাবু কয়েক দফায় ৪ লক্ষ ৩৬ হাজার টাকা বিদ্যুতের মাধ্যমে শেয়ার বাজারে লগ্নি করেন। পরে বিদ্যুৎ তাঁকে লোন দেব বলে প্রতিশ্রুতি দেয়। ২০২২ সালে ঋণ পাওয়ার জন্য তিনি বিদ্যুৎকে আরও ৩ লক্ষ ৬৭ হাজার টাকা দেন। সব মিলিয়ে বিদ্যুৎকে তিনি ৮ লক্ষ ৩ হাজার টাকা দেন। যদিও তিনি ঋণ পাননি। আর শেয়ার বাজার থেকেও কোনও টাকা পাননি। এরপর তিনি টাকা ফেরত চান। বারবার বলেও বিদ্যুৎ তাঁকে টাকা ফেরত দেয়নি। এরপরই আলোকবাবু বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেন।



