নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: বুধবার থেকে বর্ধমানে শুরু হল ভারত সংস্কৃতি উৎসব। এদিন সকালে ‘সংস্কৃতি চেতনা পদযাত্রা’য় সংস্কৃতিপ্রেমীরা পা মিলিয়েছিলেন। সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে পুরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার, কমিটির সাধারণ সম্পাদক প্রসেনজিৎ পোদ্দার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রথম দিনেই অনুষ্ঠান দেখতে শহরের বিভিন্ন প্রান্তের বাসিন্দারা ভিড় করেন। উদ্বোধনী সমাবেত নৃত্যে দর্শকরা মুগ্ধ হন। পুরসভার চেয়ারম্যান বলেন, এই শহর এখনও ঐতিহ্য, সংস্কৃতি এবং পরম্পরা ধরে রেখেছে। ভারত সংস্কৃতি উৎসব ঘিরে শহরের বাসিন্দাদের আবেগ রয়েছে। এই কয়েকদিনে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে শহরবাসী মুগ্ধ হয়ে থাকবেন। রবীন্দ্র, নজরুল, আধুনিক, লোকসঙ্গীতে ডুব দেওয়া যাবে। নামী শিল্পীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এছাড়া বিভিন্ন ধরনের প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে।



