নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: রবিবার বর্ধমান শহরের ১৩ নম্বর ওয়ার্ডে সভা করে বিজেপিকে তোপ দাগল তৃণমূল নেতৃত্ব। এদিন কয়েকজন বিজেপি কর্মী শাসকদলের ঝান্ডা ধরেন। বিধায়ক খোকন দাস বলেন, আর কেউই বিজেপি করতে চায় না। যারা ওদেরকে ভোট দিয়েছিল তারাও এখন ভুল বুঝেছে। রাজ্য সরকারের উন্নয়ন দেখে ওরা আমাদের দলে যোগ দিচ্ছে। প্রতিটি ওয়ার্ড ধরে তৃণমূল সম্মেলন শুরু করেছে। এদিন ১৩ নম্বর ওয়ার্ডের সম্মেলনের পাশাপাশি ২৬ নম্বর ওয়ার্ডেও তারা কর্মসূচি নেয়। বিধায়ক ছাড়া বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলার ও নেতারা উপস্থিত ছিলেন।



