সংবাদদাতা, বর্ধমান: দীর্ঘদিন কলকাতার বড় ক্লাবের খেলা দেখা থেকে বঞ্চিত ছিলেন বর্ধমান শহরের ফুটবলপ্রেমীরা। তা দূর হতে চলেছে। নতুন বছরের প্রথম সপ্তাহেই শহরে ফুটবলের বড় মাপের আসর বসতে চলেছে। রিয়েল বুল ফুটবল অ্যাকাডেমি পরিচালিত ফুটবল প্রতিযোগিতায় কলকাতার মোহনবাগান, মহমেডান স্পোর্টিং, কালীঘাট মিলন সঙ্ঘ ও জামশেদপুর এফসি অংশ নিতে চলেছে। প্রতিযোগিতায় ইস্টবেঙ্গলের খেলার কথা ছিল। শহরের ক্রীড়াপ্রেমীদের মধ্যে ডার্বি ম্যাচের সম্ভাবনা নিয়ে আগ্রহ তৈরি হয়েছিল। কিন্তু, ইস্টবেঙ্গল না খেলায় দলের সমর্থকরা কিছুটা হতাশ। আর ডার্বির উত্তেজনা থেকে বঞ্চিত হয়ে ক্রীড়াপ্রেমীদের মধ্যে প্রতিযোগিতাটিকে ঘিরে উৎসাহে কিছুটা ভাটা দেখা যায়। তবে, উদ্যোক্তারা ইস্টবেঙ্গলের পরিবর্তে জামশেদপুর এফসিকে এনে চমক দেওয়ার চেষ্টা করেছেন। জামশেদপুর এফসির অংশগ্রহণ প্রতিযোগিতার ঔজ্জ্বল্য বেশ কিছুটা বাড়িয়ে দিয়েছে। প্রতিযোগিতার তিনদিনে বর্ধমান শহর ও তার আশপাশের এলাকা ফুটবল জ্বরে কাঁপবে বলে আশা করছেন উদ্যোক্তারা।
Advertisement
প্রথমে ১২-১৪ জানুয়ারি শহরের স্পন্দন স্টেডিয়ামে প্রতিযোগিতাটি হওয়ার কথা ছিল। কিন্তু, নানা কারণে কয়েকবার খেলার তারিখ বদল করতে বাধ্য হয়েছেন আয়োজকরা। শেষ পর্যন্ত প্রতিযোগিতাটি ৩, ৪ ও ৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। প্রথমদিন মহমেডান মুখোমুখি হবে জামশেদপুর এফসির। পরের দিন মোহনবাগান খেলবে কালীঘাট মিলন সঙ্ঘের বিরুদ্ধে। ৬তারিখ দু’টি ম্যাচের বিজয়ী টিম ফাইনালে মুখোমুখি হবে। খেলা শুরু হবে দুপুর ২টোয়। ৯০মিনিটের ম্যাচ। ফাইনাল খেলা দেখতে জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন আয়োজকরা। ৩জানুয়ারি প্রতিযোগিতার উদ্বোধন করার কথা ’৮৩-র বিশ্বকাপ জয়ী ক্রিকেটার কীর্তি আজাদের।
আয়োজকরা জানিয়েছেন, দলগুলি যথেষ্ট শক্তিশালী। আইএসএলের দলের রিজার্ভ বেঞ্চের কয়েকজন খেলোয়াড়কে দেখা যাবে। কলকাতা লিগে নিয়মিত খেলেছেন এমন বেশ কয়েকজন খেলোয়াড় দুই প্রধানে থাকবে। তাছাড়া দীর্ঘদিন বর্ধমানে কোনও বড় মাপের প্রতিযোগিতা হয়নি। স্বাভাবিকভাবেই মোহনবাগান, মহামেডান নামের জাদুতেই দর্শকরা মাঠে ভিড় জমাবেন। তবে স্পন্দনের মাঠে ২২০০জনের বসার মতো পরিকাঠামো তৈরি করা হয়েছে। অনলাইনে টিকিট বিক্রি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। টিকিটের দাম আগের থেকে অনেকটাই কমিয়ে দিয়েছেন আয়োজকরা। ২৯৯টাকার টিকিটের দাম কমিয়ে ১৫০টাকা করা হয়েছে। ৪৯৯টাকার টিকিটের দাম ২৫০টাকা এবং ৩৯৯৯টাকার টিকিটের দাম কমিয়ে ২০০০ টাকা করা হয়েছে।