Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বর্ধমান রেল আদালতের গুরুত্বপূর্ণ নথি চুরি, চাঞ্চল্য

বর্ধমান রেল আদালতের গুরুত্বপূর্ণ নথি চুরি, চাঞ্চল্য
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বর্ধমান: একেই বলে বজ্রআঁটুনি, ফস্কা গেড়ো। বর্ধমান স্টেশনে জিআরপি ও আরপিএফের নিরাপত্তার ঘেরাটোপে থাকা রেল আদালতে চুরির ঘটনা ঘটল। আদালতের দরজার তালা ভেঙে সেখান থেকে বেশকিছু গুরুত্বপূর্ণ নথি চুরি হয়ে গিয়েছে। তবে, চুরির উদ্দেশ্য নিয়ে উঠছে প্রশ্ন। কারণ, চোর কোনও বিক্রয়যোগ্য জিনিসপত্র চুরি করেনি। চুরি হয়েছে আদালতের বেশকিছু নথিপত্র। চুরি হয়েছে ট্রায়াল রেজিস্ট্রার ও অন্যান্য গুরুত্বপূর্ণ বেশকিছু নথি। স্বাভাবিকভাবেই মামলা সংক্রান্ত নথি লোপাট করতেই পরিকল্পিতভাবে এই চুরি বলে মনে করা হচ্ছে। ঘটনার বিষয়ে রেলওয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের এক কর্মী জিআরপিতে অভিযোগ দায়ের করেছেন। তার ভিত্তিতে কেস রুজু করে তদন্ত শুরু করেছে জিআরপি। যদিও ঘটনার পর ২৪ ঘণ্টা কেটে গিয়েছে। এখনও কেউ গ্রেপ্তার হয়নি। আদালত সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে আদালতের এক কর্মী কোর্টে এসে দেখেন দরজার তালা ভাঙা। ভিতর থেকে বেশকিছু নথিপত্র চুরি হয়ে গিয়েছে। আদালত কক্ষ থেকে ঢিল ছোঁড়া দূরত্বে জিআরপির অফিস। স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে রয়েছে আরপিএফের পোস্ট। যাত্রী এবং ট্রেনের নিরাপত্তায় চলে জিআরপি ও আরপিএফের টহল। তারই মধ্যে তালা ভেঙে আদালতের নথি চুরি যাওয়ার ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। জিআরপির এক অফিসার বলেন, তদন্ত শুরু হয়েছে। চুরির কিনারায় সব ধরনের চেষ্টা চলছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ