নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: বর্ধমান রাজ কলেজে পোস্টার ঘিরে বিতর্ক শুরু হয়েছে। প্রিন্সিপালের বিরুদ্ধে আর্থিক অনিয়মের বিভিন্ন অভিযোগ করা হয়েছে। টেন্ডার ছাড়া কম্পিউটার কেনা হয়েছে বলে দাবি করা হয়েছে। দু’কোটি টাকার হদিশ নেই বলে উল্লেখ রয়েছে পোস্টারে। যদিও প্রিন্সিপাল নিরঞ্জন মণ্ডল বলেন, এধরনের অভিযোগের কোনও ভিত্তি নেই। এসব করে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। কলেজের উন্নতির জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছিল। কিন্তু একাংশ তা মানতে পারেনি। কলেজের একটি টাকাও আমার অ্যাকাউন্টে ঢোকেনি। মিথ্যা অভিযোগ করে লাভ হবে না। কলেজের সাধারণ ছাত্রছাত্রীরা সব জানে।



