নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: দুর্ঘটনায় রাশ টানতে শুক্রবার বর্ধমানের আলিশা এবং নবাবহাট বাসস্ট্যান্ডে পরিবহণ কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা করাল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। এদিন তাঁদের চোখের দৃষ্টি পরীক্ষা করা হয়। এছাড়া সুগার, রক্তচাপও মাপা হয়। এদিনের কর্মসূচিতে জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, আরটিও গোবিন্দ নন্দী, মুখ্যস্বাস্থ্য আধিকারিক জয়রাম হেমব্রম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মুখ্যস্বাস্থ্য আধিকারিক বলেন, চোখের দৃষ্টি ঠিক না থাকলে দুর্ঘটনার সম্ভবনা বেড়ে যায়। যাঁদের দৃষ্টি ঠিক নেই তাঁদের ‘চোখের আলোয়’ প্রকল্পে চশমা দেওয়া হবে। পুলিস জানিয়েছে, কয়েক বছরে জেলায় পথ দুর্ঘটনা বেড়েছে। দুর্ঘটনা কমাতেই এধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। এদিন ৫০০জনের বেশি পরিবহণকর্মী স্বাস্থ্যপরীক্ষা করিয়েছেন।



