Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বর্ধমানে পুকুর ভরাটের বিরুদ্ধে কড়া পদক্ষেপ 

বর্ধমানে পুকুর ভরাটের বিরুদ্ধে কড়া পদক্ষেপ 
  • ৩১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: পুকুর ভরাট নিয়ে এবার কড়া পদক্ষেপ নিলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েশা রানি এ। শহরের ২৫ নম্বর ওয়ার্ডের আঁকরবাগানে একটি পুকুর ভরাটের অভিযোগ জেলাশাসকের কাছে আসে। সোমবার তিনি ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকদের ওই এলাকায় পাঠান। আধিকারিকরা পুকুর ভরাটকারীদের পরিষ্কার জানিয়েছেন, ভরাট করা অংশ থেকে মাটি তুলে ফেলতে হবে। তা না হলে এফআইআর করা হবে। একই বার্তা দেওয়া হয় গোদা এলাকায় পুকুর ভরাটকারীদেরও। জেলাশাসকের কড়া নির্দেশ পেয়ে গোদায় একটি ভরাট হওয়া জলাশয় থেকে মাটি তোলা হয়। 
Advertisement
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বর্ধমানে পুকুর ভরাটকারীদের দৌরাত্ম্য বেড়ে গিয়েছে। পুরসভা তাদের আটকাতে ব্যর্থ হয়। এরপরই জেলাশাসক বিষয়টি নিজে দেখতে শুরু করেছেন। তিনি বলেন, কোনও জলাভূমি ভরাট করা যাবে না। যে বা যারা এই কাজ করবে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।
জানা গিয়েছে, পুরসভাও কয়েকজন পুকুর ভরাটকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে। কিন্তু কিছুদিন পুকুর ভরাটের কাজ বন্ধ করার পর আবার কাজ শুরু হচ্ছে। এবার খোদ জেলাশাসক পদক্ষেপ নিতে শুরু করায় পুকুর ভরাটকারীদের মধ্যে কম্পন ধরে গিয়েছে। অনেক প্রভাবশালীর রাতের ঘুম উড়ে গিয়েছে। তাদের মদতেই শহরের বিভিন্ন প্রান্তে পুকুর ভরাট চলছিল। সেই কারণেই শহরে পুকুর ভরাট বন্ধ করা যাচ্ছিল না বলে স্থানীয়দের দাবি। তাঁরা বলেন, শহরে আর মাত্র কয়েকটি পুকুর রয়েছে। প্রশাসন ব্যবস্থা না নিলে সেগুলিও ভরাট হয়ে যাবে। 
সম্পর্কিত সংবাদ