সংবাদদাতা, বর্ধমান: পশ্চিমবঙ্গ সরকারের শ্রমদপ্তরের জেলা কর্মবিনিয়োগ কেন্দ্র বর্ধমানের উদ্যোগে সোমবার ক্যারিয়ার গাইডেন্স তথা জীবিকা বিষয়ক আলোচনা হল কাঞ্চননগর দীননাথ দাস হাই স্কুলে। পড়াশোনার শেষে কী করব আমরা, এই ভাবনা ছাত্রছাত্রীদের মধ্যে অঙ্কুরিত করতেই এদিন এই স্কুলে উপস্থিত হয়েছিলেন বর্ধমান কর্মবিনিয়োগ কেন্দ্র(এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ)–এর তিন আধিকারিক। ছাত্রছাত্রীদের বিভিন্ন ভবিষ্যৎ ইচ্ছার কথা জেনে কর্মবিনিয়োগ কেন্দ্রের আধিকারিক গৌরব বন্দ্যোপাধ্যায় বলেন, সরকারি-বেসরকারি চাকরি, বিজনেস, নার্সিং ইত্যাদি জীবিকা ছোট-বড় যেমনই হোক, পূর্বপ্রস্তুতি খুবই জরুরি।
Advertisement
স্কুল সূত্রে জানা গিয়েছে, উৎকর্ষ বাংলার মাধ্যমে রাজ্য সরকার চাকরিপ্রার্থীদের বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে থাকে। মেকআপ আর্টিস্ট সহ বিভিন্ন কাজ শিখতে চাইলে বিনামূল্যে প্রশিক্ষণ পাওয়া যায়। ব্যবসা করতে চাইলে সরকার নানা খাতে ঋণ দেয়। গৌরববাবু ছাত্রছাত্রীদের উদ্দেশে বলেন, ব্যবসার জন্য ডিগ্রি না জানলেও বিষয়ের জ্ঞান থাকলে তা শুরু করা সম্ভব। মাধ্যমিকের পর আইটিআই বা পলিটেকনিক পড়তে পারো বা মাধ্যমিক, উচ্চমাধ্যমিকে বৃত্তিমূলক শিক্ষা নিয়ে পড়তে পারো। স্কুলেরই এক ছাত্রী মধুমিতা নাচে কেরিয়ার করতে চায়। সেবিষয়ে বলতে গিয়ে গৌরববাবু জানান, বঙ্গীয় সাহিত্য পরিষদ বা রাজ্যের বাইরের সংস্থা থেকে ডিগ্রি পাওয়া সম্ভব। প্রধান শিক্ষক সুভাষচন্দ্র দত্ত বলেন, উৎকর্ষ বাংলার মাধ্যমে রাজ্য সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানাই।



