Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুলের মাঠে শুরু অনূর্ধ্ব-১৩ নকআউট ক্রিকেট প্রতিযোগিতা

বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুলের মাঠে শুরু অনূর্ধ্ব-১৩ নকআউট ক্রিকেট প্রতিযোগিতা
  • ৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বর্ধমান: সোমবার থেকে বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুলের মাঠে শুরু হল অনূর্ধ্ব-১৩ সনৎ কুমার ব্যানার্জি ও দেবীপ্রসাদ দাঁ স্মৃতি নকআউট ক্রিকেট প্রতিযোগিতা। এদিন প্রথম ম্যাচে মুখোমুখি হয় বিডিএসএ কোচিং ক্যাম্প ও বিসিসি কোচিং ক্যাম্প। ম্যাচটি বিসিসি কোচিং ক্যাম্প ৭১ রানে জেতে। প্রথমে ব্যাট করে বিসিসি কোচিং ক্যাম্প ১৯ ওভারে ৭ উইকেটে ১৭২ রান সংগ্রহ করে। ওপেন করতে নেমে সৌরিক দত্ত ৩৬ এবং চার নম্বরে ব্যাট করতে নেমে রানা সরেনও ৩৬ রান করে। তাদের স্কোরের সঙ্গে পেনাল্টি বাবদ আরও ১৬ রান যোগ হয়। বিডিএসএ কোচিং ক্যাম্পের প্রাঞ্জল মুখোপাধ্যায় ২ ওভার বল করে ২১ রান দিয়ে ৪টি উইকেট নেয়। জবাবে বিডিএসএ কোচিং ক্যাম্প ১৫.৩ ওভারে ১০১ রানে অলআউট হয়ে যায়। দলের হয়ে সর্বোচ্চ ২৮ রান করে অহর্ষি পাল। এছাড়াও রুদ্রনীল দত্ত ১৭ রান করে। বিসিসি কোচিং ক্যাম্পের দ্বৈপায়ন মাঝি ৪ ওভার বল করে ১৫ রান দিয়ে ৩টি উইকেট নেয়। 
Advertisement
দ্বিতীয় খেলায় বিনোদীমাধব সামন্ত কোচিং সেন্টার সহজেই ইছলাবাদ পদ্মশ্রী ক্রিকেট কোচিং সেন্টারকে হারিয়ে দেয়। প্রথমে ব্যাট করে ১৫.৫ ওভারে মাত্র ৪৩ রানে গুটিয়ে যায় পদ্মশ্রীর ইনিংস। কৌস্তভ গোস্বামী দলের হয়ে সর্বোচ্চ ১৫ রান করে। দলের বাকি ব্যাটারদের কেউই দু’অঙ্কের রান করতে পারেনি। বিনোদীমাধব সামন্ত কোচিং ক্লাবের শেখ রামিজ করিম ২.৫ ওভার বল করে ২ রান দিয়ে তিনটি উইকেট নেয়। অভ্রদীপ ঘোষ ৭ রান দিয়ে ৩টি উইকেট নেয়। আরাধ্য সাহা ৭ রান দিয়ে ২টি উইকেট নেয়। জবাবে ৮.৪ ওভারে ৬ উইকেট খুইয়ে ৪৪ রান তুলে ম্যাচ জেতে বিনোদীমাধব সামন্ত কোচিং সেন্টার। 
সম্পর্কিত সংবাদ