সংবাদদাতা, বর্ধমান: মহিলাকে ধর্ষণের অভিযোগে ৬০ বছরের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে বর্ধমান মহিলা থানার পুলিস। ধৃতের নাম রজত দত্ত। কলকাতার সিঁথি থানা এলাকায় তার বাড়ি। বর্তমানে সে বর্ধমান থানা এলাকায় ভাড়াবাড়িতে থাকে। শনিবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে এদিনই বর্ধমান সিজেএম আদালতে তোলা হলে বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেন সিজেএম।
Advertisement
পুলিস জানিয়েছে, বিবাহিত মহিলা ও অভিযুক্ত একই বাড়িতে ভাড়া থাকেন। অভিযুক্ত বৃদ্ধ প্রায়ই ওই মহিলাকে কুপ্রস্তাব দিত। গত ১২ সেপ্টেম্বর দুপুরে মহিলা বাড়িতে একাই ছিলেন। সেই সময় ঘরে ঢুকে অভিযুক্ত তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ। ওই মহিলার কিছু আপত্তিকর ছবিও নিজের মোবাইলে তুলে রাখে সে। প্রথম দিকে ভয়ে ওই মহিলা কোথাও অভিযোগ করেননি। পরে তিনি বর্ধমান সিজেএম আদালতে মামলা করেন। সিজেএম কেস রুজু করে তদন্তের জন্য মহিলা থানার আইসিকে নির্দেশ দেন।



