নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: কয়েক মাসের মধ্যেই বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ক্যান্সার রোগীদের জন্য তৈরি হওয়া ইউনিটে ইন্ডোর পরিষেবা চালু করা হবে। শনিবার বর্ধমানে আধিকারিকদের সঙ্গে বৈঠকে এমনই আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যদপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি নারায়ণস্বরূপ নিগম। অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে নিউরো সার্জারি চালু করা হবে বলে তিনি জানিয়েছেন। এদিনের বৈঠকে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জয়রাম হেমব্রম, বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের এমএসভিপি তাপস ঘোষ, অধ্যক্ষ মৌসুমি বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, হাসপাতালের পরিষেবা সংক্রান্ত বিষয়গুলি নিয়েও আলোচনা হয়েছে। হাসপাতাল থেকে কত রেফার হচ্ছে বা কতজন প্রসূতির মৃত্যু হয়েছে এসব বিষয়গুলি তুলে ধরে আলোচনা করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, রেফারের সংখ্যা আগের তুলনায় অনেক কমে গিয়েছে। প্রসূতি মৃত্যুর সংখ্যাও গত দু’বছরের তুলনায় কমেছে। বৈঠক শেষে প্রিন্সিপাল সেক্রেটারি বলেন, সবকিছুই ঠিকভাবে চলছে। মেডিক্যাল কলেজে পরীক্ষাও এবার ভালোভাবে সম্পন্ন হয়েছে। এক আধিকারিক বলেন, মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পক্ষ থেকে শন্যপদে নিয়োগের জন্য বলা হয়। বহু বিভাগেই চিকিৎসকের সংখ্যা কম রয়েছে। নিউরো সার্জারি বা ক্যান্সার ইউনিট চালু করার আগে প্রয়োজনীয় চিকিৎসক দেওয়া দরকার বলে জানানো হয়। এছাড়া প্রয়োজনীয় টেকনিক্যাল কর্মী নিয়োগের জন্য বলা হয়। প্রিন্সিপাল সেক্রেটারি বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। হাসপাতালের বিভিন্ন পরিষেবা নিয়ে তিনি সন্তোষ প্রকাশ করেছেন বলে কর্তৃপক্ষের দাবি। আগামী দিনে দক্ষিণবঙ্গের রোগীদের যাতে কলকাতায় যেতে না হয় তার ব্যবস্থা করার জন্য বলা হয়েছে। আর এক আধিকারিক বলেন, প্রয়োজনীয় চিকিৎসক এবং কর্মী পাওয়া গেলে কলকাতার উপর নির্ভরতা অনেক কমে যাবে। এখন নিউরো সংক্রান্ত রোগীদের বেশি রেফার করতে হয়। অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে ছোট নিউরো সার্জারি করা হয়।



