নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে শুরু হল স্পাইন সার্জারি। দক্ষিণবঙ্গে এধরনের জটিল অপারেশন অন্য কোনও হাসপাতালে হয় না। বর্ধমান মেডিক্যালের অধীন অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে এই অপারেশন চালু হওয়ায় দুই বর্ধমানের পাশাপাশি বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, নদীয়া এবং হুগলির একাংশের বাসিন্দারা খুবই উপকৃত হবেন। এমএসভিপি তাপস ঘোষ বলেন, কিছুদিনের মধ্যে ব্রেন এবং বাইপাস সার্জারিও চালু হবে। এধরনের অপারেশনের জন্য কার্ডিয়াক অ্যানাস্থেসিয়া চিকিৎসক নিয়োগ করা হবে। মাইক্রোস্কোপিক সার্জারি শুরু হবে। যার জন্য প্রয়োজনীয় অত্যাধুনিক যন্ত্রাংশ আনা হচ্ছে।
Advertisement
জেলা স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে রোগীর চাপ অনেক বেড়ে গিয়েছে। নিউরো সংক্রান্ত বিভিন্ন জটিল অপারেশন শুরু হয়েছে। দু’জনের স্পাইন সার্জারি করা হয়েছে। চিকিৎসকের সংখ্যা বাড়ানো হলে আরও বেশি রোগী এই পরিষেবা পাবেন। তবে বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা কম রয়েছে। অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা করতে আসা অরুণ দাস বলেন, দিনমজুরি করে সংসার চলে। নিউরো সংক্রান্ত সমস্যা বহুদিন ধরে রয়েছে। আগে বাইরের চিকিৎসককে দেখাচ্ছিলাম। মোটা অঙ্কের টাকা খরচ হয়েছে। কিন্তু তেমন ফল হয়নি। অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা করে ভালোই আছি। বাইরে স্পাইন সার্জারি বা ব্রেনের অপারেশন করতে হলে কয়েক লক্ষ টাকা খরচ হয়। অনাময় হাসপাতালে এই পরিষেবা পুরদমে চালু হয়ে গেলে বহু রোগী উপকৃত হবেন। স্বাস্থ্যদপ্তরের এক আধিকারিক বলেন, চিকিৎসকের সংখ্যা না বাড়ানো হলে ভালো মতো পরিষেবা পাওয়া যাবে না। বিশেষ করে নিউরো সার্জেন দরকার রয়েছে। স্বাস্থ্যদপ্তর বিভিন্ন ধরনের অত্যাধুনিক যন্ত্রাংশ পাঠিয়েছে। কিন্তু ম্যানপাওয়ার সেভাবে বাড়েনি। স্পাইন বা ব্রেন সার্জারি বেশি সংখ্যায় করতে হলে বেশি চিকিৎসক ছাড়া সম্ভব নয়। একজন বা দু’জন চিকিৎসক পুরো পরিষেবা চালু রাখতে পারবেন না। মুর্শিদাবাদ এবং বীরভূমের রোগীরা নিউরো সংক্রান্ত চিকিৎসার জন্য এই হাসপাতালের উপর সম্পূর্ণ নির্ভরশীল। এই দুই জেলায় বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমেও এধরনের পরিষেবা পাওয়া যায় না। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগীদের রেফার করে। একশ্রেণির দালালরা এই সুযোগ কাজে লাগাচ্ছে। ভুল বুঝিয়ে তারা রোগীদের নার্সিংহোমে পাঠাচ্ছে। অধিকাংশ নার্সিংহোমে নিউরো সার্জেন নেই। তারপরও তারা রোগী ভর্তি করে বিল বাড়াচ্ছে।
বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস বলেন, বর্ধমানে একটা দালালচক্র কাজ করছে। তারা সরকারি হাসপাতালে রেফার করা রোগীদেরও নার্সিংহোমে নিয়ে গিয়ে ফায়দা লুটছে। স্বাস্থ্যদপ্তর তাদের উপর নজর রাখছে। তবে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা পরিষেবা অনেক উন্নত হচ্ছে। অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে স্পাইন বা ব্রেন সার্জারি হতে পারে এই ধারণা অনেকের ছিল না। নিউরোর জটিল অপারেশন এখানে হচ্ছে।
বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস বলেন, বর্ধমানে একটা দালালচক্র কাজ করছে। তারা সরকারি হাসপাতালে রেফার করা রোগীদেরও নার্সিংহোমে নিয়ে গিয়ে ফায়দা লুটছে। স্বাস্থ্যদপ্তর তাদের উপর নজর রাখছে। তবে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা পরিষেবা অনেক উন্নত হচ্ছে। অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে স্পাইন বা ব্রেন সার্জারি হতে পারে এই ধারণা অনেকের ছিল না। নিউরোর জটিল অপারেশন এখানে হচ্ছে।



