Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বর্ধমান মেডিক্যাল কলেজের ভিতরে যানজট মেটাতে নতুন রাস্তার ভাবনা

বর্ধমান মেডিক্যাল কলেজের ভিতরে যানজট মেটাতে নতুন রাস্তার ভাবনা
  • ২৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বর্ধমান: বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের ভিতরে যানজট নিয়ে দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ছিল। জরুরি বিভাগের সামনের রাস্তার যানজট মাথাব্যথার কারণ হয়ে উঠেছিল। যানজট মেটাতে বিকল্প রাস্তা তৈরি করছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের বহির্বিভাগে আসার ও বিভিন্ন ওয়ার্ডে যাওয়ার জন্য জরুরি বিভাগের মূল গেটের আগে তৈরি করা হচ্ছে নতুন গেট। হাউসস্টাফদের ভবনের পাশ দিয়ে হয়ে এই রাস্তা জরুরি বিভাগের উল্টো দিকে সাততলা ভবনের পিছন দিক দিয়ে গিয়ে মানসিক বিভাগের সামনে উঠবে। হাসপাতাল কর্তাদের আশা, এর ফলে জরুরি বিভাগের সামনের রাস্তার উপর চাপ কমবে। সেই সঙ্গে হাসপাতালের জরুরি বিভাগে আসা গাড়ি, অ্যাম্বুলেন্সকে আর যানজটে ফাঁসতে হবে না। উল্লেখ্য, বর্ধমান হাসপাতাল চত্বরে মোট চারটি গেট রয়েছে। তার মধ্যে শিশু ওয়ার্ডের দিকের গেটটি দিয়ে যানবাহন যাতায়াত করতে দেওয়া হয় না। ওই গেট দিয়ে হেঁটে আসাযাওয়া করা যায়। শ্যামসায়রের দিকে ২ নম্বর গেটটির সামনে লিকুইড অক্সিজেন প্ল্যান্ট বসেছে। সে কারণে ওই রাস্তা দিয়ে চলাচল বন্ধ হয়ে গিয়েছে। অন্যদিকে, জরুরি বিভাগের গেট দিয়ে যানবাহন বা অ্যাম্বুলেন্স ঢুকলে সেটা রাধারানি ওয়ার্ডের সামনে দিয়ে গিয়ে ৩ নম্বর গেট দিয়ে বেরচ্ছে। আর এখানেই শুরু হয়েছে সমস্যা। হাসপাতালের মধ্যেকার সরু রাস্তায় উল্টো দিক থেকে কোনও গাড়ি এলেই শুরু হচ্ছে যানজট। দাঁড়িয়ে যাচ্ছে অ্যাম্বুলেন্স সহ অন্যান্য গাড়ি। পরিস্থিতি স্বাভাবিক করতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল ক্যাম্পের পুলিস কর্মীদের। 
Advertisement
সম্পর্কিত সংবাদ