সংবাদদাতা, বর্ধমান: বর্ধমান মেডিক্যাল কলেজের সেক্রেটারি পরিচয় দিয়ে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক যুবকের কাছ থেকে দেড় লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল। তাঁর বন্ধুর কাছ থেকেও চাকরির আশ্বাস দিয়ে ৬ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক। এনিয়ে রায়না থানায় অভিযোগ দায়ের করেছেন প্রতারিত। অভিযোগ পেয়ে প্রতারণা ও অর্থ আত্মসাতের ধারায় মামলা রুজু করেছে পুলিস। থানার এক অফিসার বলেন, অভিযোগ পেয়ে নির্দিষ্ট ধারায় কেস রুজু হয়েছে। ঘটনায় জড়িতের বিরুদ্ধে আইনমাফিক ব্যবস্থা নেওয়া হবে।
Advertisement
পুলিসের কাছে লিখিত অভিযোগে জামালপুর থানার শ্রীকৃষ্ণপুরের অম্লান চট্টোপাধ্যায় অভিযোগ করেছেন, মাস আটেক আগে জামালপুর থানার কাড়ালাঘাটে তাঁর সঙ্গে এক ব্যক্তির পরিচয় হয়। সে নিজেকে বর্ধমান মেডিক্যাল কলেজের সেক্রেটারি বলে পরিচয় দেয়। তাঁর কাছ থেকে সে ফোন নম্বর নেয়। তারপর থেকে ফোনে কথা হতো। এমনকী তাঁর এবং তাঁর এক বন্ধুর সঙ্গে জামালপুরে দেখাও করতে আসত সেই ব্যক্তি। গত আগস্ট মাসে সে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চাকরি করে দেওয়ার আশ্বাস দেয় সে। তার জন্য এক লক্ষ ৬৫ হাজার টাকা দাবি করে সে। সেইমতো রায়না থানার শ্যামসুন্দর বাজারে তিনি অভিযুক্তের সঙ্গে দেখা করে তাকে সেই টাকা দেন। যদিও তাঁর চাকরি হয়নি। চাকরির বিষয়ে জানতে চাইলে সে অন্য কোথাও ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেয়। পরবর্তীকালে তিনি খোঁজখবর নিয়ে জানতে পারেন, সে বিভিন্নজনের কাছ থেকে চাকরি করে দেওয়ার নাম করে টাকা তুলেছে। তাঁর বন্ধুর কাছ থেকেও সরকারি চাকরি করে দেওয়ার টোপ দিয়ে ৬ লক্ষ ৪৯হাজার ৫০০ টাকা হাতিয়ে নিয়েছে সে। অভিযুক্তের বিরুদ্ধে যাতে আইনি ব্যবস্থা নেওয়া হয় সেই আর্জি পুলিসের কাছে জানিয়েছেন প্রতারিত।



