সংবাদদাতা, বর্ধমান: সিএবি পরিচালিত আন্তঃজেলা সিনিয়র সীমিত ওভারের ক্রিকেটে গ্রুপের দু’টি ম্যাচে জিতে পরের পর্বে খেলার যোগ্যতা অর্জন করল মালদহ জেলা। গ্রুপের প্রথম খেলায় তারা সহজেই হাওড়াকে ৬ উইকেটে হারায়। মঙ্গলবার বর্ধমান শহরের রাধারানি স্টেডিয়ামে গ্রুপের দ্বিতীয় খেলায় হাড্ডাহাড্ডি ম্যাচে তারা শক্তিশালী দক্ষিণ ২৪পরগনার বিরুদ্ধে দু’উইকেটে জয় পায়। দক্ষিণ ২৪ পরগনার সঙ্গে হাওড়ার খেলা বাকি রয়েছে। কিন্তু, গ্রুপের ভাগ্য ইতিমধ্যেই নির্ধারিত হয়ে যাওয়ায় দু’দলের খেলাটি কার্যত গুরুত্বহীন হয়ে পড়েছে। এদিন প্রথমে ব্যাট করে দক্ষিণ ২৪ পরগনা ৪১.৩ ওভারে ১৯২ রানে অলআউট হয়ে যায়। দেবার্ঘ্য রক্ষিত ৪৮, অনিকেত বিশ্বাস ৪০ রান করেন। মালদহের হয়ে অভিষেক ঝা ৩৭ রান দিয়ে তিনটি উইকেট নেন। জবাবে ৪২ ওভারে ৮ উইকেটে ১৯৫ রান তুলে ম্যাচ জিতে নেয় মালদহ। মালদহের হয়ে বাপি ৪১, সুজিত সরেন ২৭ রান করেন। দক্ষিণ ২৪ পরগনার হয়ে মহম্মদ নওসাদ আট ওভারে ২৯ রান দিয়ে তিনটি উইকেট নেন।



