Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বর্ধমান হাসপাতাল পরিদর্শনে এলেন হিউম্যান রাইটস কমিশনের প্রতিনিধিরা

বর্ধমান হাসপাতাল পরিদর্শনে এলেন হিউম্যান রাইটস কমিশনের প্রতিনিধিরা
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বর্ধমান: বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শনে এলেন রাজ্য হিউম্যান রাইটস কমিশনের প্রতিনিধিরা। মঙ্গলবার সাত সদস্যের এক প্রতিনিধি দল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আসে। দলের প্রতিনিধিরা প্রথমে হাসপাতালের বিভিন্ন জায়গা পরিদর্শন করেন। পরে তাঁরা হাসপাতাল সুপারের ঘরে দীর্ঘক্ষণ বৈঠক করেন। মূলত আরজি কর কাণ্ডের পরবর্তী পরিস্থিতিতে রাজ্য সরকার ‘রাতের সাথী’ নামে যে প্রকল্প গ্রহণ করে, তার প্রয়োগ খতিয়ে দেখতেই রাজ্যের প্রতিনিধি দলের এই পরিদর্শন বলে জানা গিয়েছে।
Advertisement
মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রাজ্য হিউম্যান রাইটস কমিশনের সাত সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন আইপিএস পিনাকীরঞ্জন দাস। এই প্রতিনিধি দল আরজি কর কাণ্ডের পরে রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নিরাপত্তা এবং চিকিৎসা সংক্রান্ত বিষয়গুলি খতিয়ে দেখছে। এদিন সেইমতো তাঁরা বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আসেন। সিসিটিভি ব্যবস্থা, চিকিৎসকদের বিশ্রাম কক্ষ, বাথরুম সহ একাধিক ব্যবস্থা খতিয়ে দেখেন। উল্লেখ্য, আরজি কর কাণ্ডের পর এই বিষয়গুলি নিয়েই ক্ষোভ প্রকাশ করেছিলেন আন্দোলনরত চিকিৎসকরা।
এদিন দলটি হাসপাতালের পুলিস ক্যাম্প, জরুরি বিভাগ, জি প্লাস সেভেন ভবন, বক্ষ বিভাগ, ফার্মেসি সহ একাধিক জায়গা ঘুরে দেখে। প্রতিনিধিরা রোগী ও পরিজনদের সঙ্গে কথাও বলেন। সঙ্গে ছিলেন হাসপাতালের সুপার তাপস ঘোষ সহ অন্যান্য আধিকারিকরা। সমস্ত দিক খতিয়ে দেখে তাঁরা হাসপাতাল কর্তাদের সঙ্গে বৈঠক করেন। দীর্ঘক্ষণ চলে এই বৈঠক। উল্লেখ্য, মাসকয়েক আগে হাসপাতালে এসেছিলেন স্টেট সিকিউরিটি কমিটির প্রধান সুরজিৎ করপুরকায়স্থ। তাঁর নেতৃত্বে কমিটির সদস্যরা হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন। এদিনের পরিদর্শন নিয়ে হাসপাতাল সুপার বলেন, রাজ্যের প্রতিনিধিরা এসেছিলেন। পরিদর্শন এবং বৈঠকে বেশকিছু বিষয় নজরে এসেছে। সেগুলি নিয়ে আলোচনা হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ