সংবাদদাতা, বর্ধমান: হোমে যাওয়ার পর জানা গেল নিখোঁজ কিশোরী অন্তঃসত্ত্বা। এরপরই কিশোরীর পরিবারের তরফে বর্ধমান থানায় অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে এক যুবকের বিরুদ্ধে পকসো অ্যাক্টে ধর্ষণের মামলা রুজু করেছে পুলিস। অভিযুক্ত গ্রেপ্তার হয়নি। মঙ্গলবার পকসো আদালতে কিশোরীর গোপন জবানবন্দি নথিভুক্ত করার জন্য আদালতে আবেদন জানায় পুলিস। তা মঞ্জুর করেন পকসো আদালতের ভারপ্রাপ্ত বিচারক সিজেএমকে এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন। আদালত সূত্রে জানা গিয়েছে, বর্ধমান থানা এলাকায় বছর পনেরোর ওই কিশোরীর বাড়ি। গত ৬ ডিসেম্বর সে নিখোঁজ হয়। রাতে বর্ধমান থানার পালিতপুর থেকে পুলিস তাকে উদ্ধার করে। আদালতের নির্দেশে তাকে বাম চান্দাইপুরের একটি হোমে পাঠানো হয়। সেখানে মেডিক্যাল পরীক্ষায় জানা যায়, কিশোরী অন্তঃসত্ত্বা। আদালতের নির্দেশে কিশোরীকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসেন পরিবারের লোকজন। অভিযোগে জানানো হয়েছে, পালিতপুর এলাকার এক যুবক তাকে ভুলিয়ে নিয়ে চলে যায়। এর আগেও সে একই ধরনের কাজ করেছে। কিন্তু, কিশোরী বাড়ি ফিরে আসায় সেই সময় পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হয়নি।



