সংবাদদাতা, বর্ধমান: বর্ধমান শহরের মিরছোবা ও রামমুদিপল্লিতে দু’পক্ষের মধ্যে মারপিটের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিস। ধৃতদের নাম মিঠুন চৌধুরী, সুমন ওড়াং ও গফ্ফর শেখ। দু’পক্ষের অভিযোগের ভিত্তিতে শুক্রবার সকালে তিনজনকে গ্রেপ্তার করা হয়। রামমুদিপল্লিতে মিঠুন ও সুমনের বাড়ি। অপরজনের বাড়ি মিরছোবা এলাকায়।
Advertisement
পুলিসের কাছে লিখিত অভিযোগে রামমুদিপল্লির বাসিন্দা আশিস ওড়াং জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ মিরছোবা এলাকার কয়েকজন তাঁদের পাড়ার সঞ্জয় বিশ্বাসের বাড়ি ঘেরাও করে। মহিলাদের উদ্দেশে অকথ্য ভাষায় গালিগালাজ করে। সঞ্জয়কে বাড়িতে না পেয়ে তারা চলে যাচ্ছিল। রাস্তায় তারা সঞ্জয়কে ও নাড়ু ওড়াংকে দেখতে পায়। তাঁদের প্রচণ্ড মারধর করা হয়। তাঁরা কোনওরকমে সেখান থেকে পালিয়ে বাঁচেন। কিছুক্ষণ পর ফের মিরছোবার কিছু ছেলে রামমুদিপল্লিতে আসে এবং মহিলাদের সঙ্গে অশালীন আচরণ করে। মহিলাদের শ্লীলতাহানি করা হয়। পাড়ার কয়েকজনকে প্রচণ্ড মারধর করে। মিরছোবার এক মহিলা অভিযোগ করেছেন, ঘটনার দিন রাত সাড়ে ১০টা নাগাদ তাঁদের বাড়িতে কয়েকজন হামলা চালায়। তাঁদের গালিগালাজ করে। তাঁর ছেলেকে খুনের হুমকি দেয়। বাড়ির এক মহিলা বেরিয়ে এলে তাঁকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয়। এমনকী, তাঁর শ্লীলতাহানি পর্যন্ত করে বলে অভিযোগ।



