সংবাদদাতা, বর্ধমান: বর্ধমান থানার মেটেল ডিভিসি এলাকায় জাতীয় সড়কে দু’টি বাইকের সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃতের নাম শেখ রোহিত(২১)। বর্ধমান থানার সিংহপুরে তাঁর বাড়ি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় বাইক নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। মেটেল ডিভিসি এলাকায় অপরদিক থেকে আসা একটি বাইকের সঙ্গে তাঁর বাইকটির সংঘর্ষ হয়। তাতে তিনি গুরুতর জখম হন। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। ভর্তির ঘণ্টাখানেক পর তিনি মারা যান।
Advertisement
মেমারিতে পিকআপ ভ্যানের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু: মেমারি থানার সোনাডাঙায় পিকআপ ভ্যানের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মৃতের নাম জামির খান(৮০)। মঙ্গলকোট থানার গোবর্ধনপুরে তাঁর বাড়ি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিনি সোনাডাঙায় শ্বশুরবাড়িতে এসেছিলেন। বুধবার দুপুরে রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন। সেসময় একটি পিকআপ ভ্যান তাঁকে ধাক্কা মারে। তাতে তিনি গুরুতর জখম হন। পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। রাতে তিনি মারা যান। পুলিস পিকআপ ভ্যানটি বাজেয়াপ্ত করেছে।



