সংবাদদাতা, বর্ধমান: পথ দুর্ঘটনায় জখম হয়ে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক যুবকের মৃত্যু হয়েছে। মৃতের নাম শেখ বিদ্যুৎ(২৯)। তাঁর বাড়ি গলসি থানার ঘাগড়া গ্রামে। পরিবার সূত্রে জানা গিয়েছে, ২০ ফেব্রুয়ারি বিদ্যুৎ সহ চারজন একটি চারচাকা গাড়িতে গলসি থেকে বর্ধমানের দিকে আসছিলেন। কুড়মুন এলাকায় একটি লরির সঙ্গে তাঁদের গাড়িটির সংঘর্ষ হয়। তাতে গাড়ির চারজনই জখম হন। পুলিস তাঁদের উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক গাড়ির চালক শেখ আজফারকে মৃত ঘোষণা করেন। শুক্রবার বিকেলে বিদ্যুৎ মারা যান।



