সংবাদদাতা, বর্ধমান: ডাকাত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিস। ধৃতদের নাম দিবাকর মুখোপাধ্যায় ওরফে আকাশ, শেখ সাহেব, শেখ আকাশ ও শেখ সালেম ওরফে জনি। তাদের বাড়ি বর্ধমান থানার উদয়পল্লি, শিবপুর দিঘিরপাড়, কেশবগঞ্জচটি ও সরাইটিকর এলাকায়।
Advertisement
পুলিস জানিয়েছে, শনিবার রাতে কয়েকজন কাঞ্চননগর এলাকায় জাতীয় সড়কের পাশে একটি নির্জন জায়গায় গাড়িতে লুটপাট চালানোর উদ্দেশ্যে জড়ো হয়েছিল। খবর পেয়ে অভিযান চালিয়ে ওই চারজনকে ধরা হয়। দলের বাকিরা পালিয়ে যায়। ধৃতদের কাছ থেকে ভোজালি, লোহার রড, লাঠি, নাইলনের দড়ি প্রভৃতি উদ্ধার হয়েছে। তাদের একটি স্কুটারও পুলিস বাজেয়াপ্ত করেছে। এঘটনায় পুলিস স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করেছে। ধৃতদের রবিবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়।



