সংবাদদাতা, বর্ধমান: বাড়ি থেকে সোনার গয়না চুরির ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিস। ধৃতের নাম অর্ণব রায়। বর্ধমান শহরের কাঞ্চননগরের নিত্যগোপাল কলোনিতে তার বাড়ি। শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে চুরির ১৫০০ টাকা উদ্ধার হয়েছে বলে পুলিসের দাবি। পুলিস জানিয়েছে, বর্ধমান থানার মির্জাপুরের বাসিন্দা সুভাষ বাগের বাড়িতে কিছুদিন আগে চুরির ঘটনা ঘটে। ঘটনার দিন পরিবার নিয়ে আত্মীয়র বাড়িতে গিয়েছিলেন। সেখান থেকে ফিরে দেখেন, ঘরের দরজা–জানালা খোলা। ঘর থেকে সোনার গয়না ও ২৫০০ টাকা চুরি গিয়েছে। ওইদিনই এলাকায় আরও একটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। এনিয়ে সুভাষবাবর স্ত্রী থানায় অভিযোগ দায়ের করেন।



