Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বর্ধমানে বেপরোয়া গাড়ি চালানোয় আটক মদ্যপ চালক

বর্ধমানে বেপরোয়া গাড়ি চালানোয় আটক মদ্যপ চালক
  • ২৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: শুক্রবার বর্ধমান শহরে প্রচণ্ড জোরে চালিয়ে আসা একটি গাড়ি থামিয়ে মদ্যপ চালককে আটক করেছে পুলিস। পুলিস সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে একের পর এক সিগন্যাল ভেঙে দ্রুত গতিতে যাচ্ছিল গাড়িটি। এক বাইক চালককে ধাক্কাও মারে। তিনি গাড়িটি আটকানোর চেষ্টা করেন। কিন্তু গতি বেশি থাকায় আটকাতে পারেননি। কার্জনগেটের মতো গুরুত্বপূর্ণ ট্রাফিক পোস্টের সিগন্যাল ভেঙে বেপরোয়াভাবে গাড়িটি এগিয়ে যেতে থাকে। ট্রাফিক ওসি চিন্ময় বন্দ্যোপাধ্যায় পরের সিগন্যালে গাড়িটিকে আটকানোর নির্দেশ দেন। সেখানকার পুলিস কর্মীরাও ব্যর্থ হন। এরপর ট্রাফিক ওসি নিজেই বাইক চালিয়ে গাড়িটিকে ধাওয়া করতে থাকে। বেশ কিছুটা যাওয়ার পর তিনি নীলপুর মোড়ের কাছে গাড়িটি আটকান। 
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, গাড়িতে দু’জন বসে ছিলেন। তাঁরা কলকাতায় চিকিৎসা করাতে যাচ্ছিলেন। পুলিস গাড়িটি থামানোর পর তাঁরাও স্বস্তি পান। তাঁরা বলেন, শ্যামলাল থেকে গাড়িতে উঠি। প্রথম থেকেই চালক দ্রুত গতিতে গাড়ি ছোটাচ্ছিল। ওকে বারবার অনুরোধ করার পরও শুনছিল না। পুলিস গাড়িটি না থামালে যেকোনও সময় বড়সড় দুর্ঘটনা ঘটত। এক পুলিস আধিকারিক বলেন, মেশিন এনে পরীক্ষা করে দেখা যায়, চালক মদ্যপান করেছে।
সম্পর্কিত সংবাদ