সংবাদদাতা, বর্ধমান: আগ্নেয়াস্ত্র ও গুলি সহ তিনজনকে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিস। ধৃতদের নাম শেখ সালামউদ্দিন ওরফে কাজল, শেখ জাভেদ ওরফে টিঙ্কা ও রাজিবর শেখ ওরফে সাদ্দাম। বর্ধমান থানার বাজেপ্রতাপপুরের মালিরবাগান এলাকায় সালামউদ্দিনের বাড়ি। বর্ধমান থানারই নবাবহাটে জাভেদের বাড়ি। কাটোয়া থানার কেশে মাঠপাড়ায় রাজিবরের বাড়ি। পুলিস জানিয়েছে, সোমবার ভোররাতে তেজগঞ্জ এলাকায় জাতীয় সড়কের সার্ভিস রোডের পাশে একটি রাইসমিলের কাছে ১২-১৩ জন জড়ো হয়েছিল। খবর পেয়ে সেখানে হানা দিয়ে পুলিস ওই তিনজনকে ধরে। দলের বাকিরা পালিয়ে যায়। ধৃতদের কাছ থেকে একটি পাইপগান, এক রাউন্ড গুলি, লাঠি, নাইলনের ব্যাগ প্রভৃতি উদ্ধার হয়েছে। রাস্তা দিয়ে যাতায়াত করা গাড়িতে ডাকাতির পরিকল্পনায় দলটি সেখানে জড়ো হয়েছিল বলে পুলিসের অনুমান।
Advertisement
রায়নায় মাটি কাটার অভিযোগে গ্রেপ্তার জেসিবি চালক: কোনওরকম অনুমতি ছাড়াই মাঠ থেকে মাটি কাটার অভিযোগে এক জেসিবি চালককে গ্রেপ্তার করেছে রায়না থানার পুলিস। জেসিবিটি বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতের নাম সামন্ত মাণ্ডি। তার বাড়ি উদগড়ায়। পুলিস জানিয়েছে, রবিবার বিকেলে রায়না থানার বলিয়ারপুরে একটি জমি থেকে জেসিবির সাহায্যে মাটি কাটা হচ্ছিল। খবর পেয়ে পুলিস সেখানে পৌঁছয়। পুলিসকে দেখতে পেয়ে জেসিবি থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করে সামন্ত। তাড়া করে পুলিস তাকে ধরে। মাটি কাটার কোনও অনুমতিপত্র জেসিবি চালক দেখাতে পারেনি বলে পুলিসের দাবি। ঘটনার বিষয়ে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে থানা।



