Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বর্ধমানে ৩ লক্ষাধিক টাকা সাইবার জালিয়াতির শিকার অবসরপ্রাপ্ত ব্যাঙ্ককর্মী

বর্ধমানে ৩ লক্ষাধিক টাকা সাইবার জালিয়াতির শিকার অবসরপ্রাপ্ত ব্যাঙ্ককর্মী
  • ১৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বর্ধমান: সাইবার জালিয়াতির শিকার হলেন বর্ধমান শহরের অবসরপ্রাপ্ত এক ব্যাঙ্ক কর্মী। জালিয়াতরা তাঁর দু’টি অ্যাকাউন্ট থেকে ৩ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে। তিনি যে সাইবার জালিয়াতির শিকার হয়েছেন তা প্রথমে বুঝতে পারেননি। ফোনে আসা মেসেজ থেকে অ্যাকাউন্টের টাকা তুলে নেওয়ার বিষয়টি জানতে পারেন। বিষয়টি জানার পর তিনি সাইবার পোর্টালে অভিযোগ জানিয়েছেন। বর্ধমান সাইবার থানাতেও বিষয়টি জানিয়েছেন তিনি। পরে বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেছেন। থানার এক অফিসার বলেন, অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, বর্ধমান শহরের মিরছোবা দক্ষিণের বাসিন্দা জয়ন্তকুমার ঘোষের কাছে দিনকয়েক আগে ‘হাই’ লেখা একটি মেসেজ মোবাইলে আসে। তিনি অবশ্য মেসেজটি পড়ে দেখেননি। এরপর তাঁর কাছে ফোনও আসে। হিন্দিভাষী একজন তাঁর সঙ্গে ফোনে কথা বলে। তারপর থেকে তাঁর মোবাইলের মেসেজ অন্য একটি নম্বরে চলে যেতে থাকে। বিষয়টি প্রথমে তিনি গা করেননি। পরে, মোবাইল নিয়ে বিভিন্ন দোকানে যান। কিন্তু, তাঁর নম্বরে আসা মেসেজ তিনি দেখতে পাচ্ছিলেন না। তা অন্য নম্বরে চলে যাচ্ছিল। মোবাইলে কথা বলার পর তাঁর কাছে ওটিপি আসে। তিনি অবশ্য ওটিপি কারও সঙ্গে শেয়ার করেননি। তা সত্ত্বেও তাঁর দু’টি অ্যাকাউন্ট থেকে ৩ লক্ষ ৭৫ হাজার টাকা ও ৩ হাজার ৫০০ টাকা গায়েব হয়ে যায়। এরপরই তিনি সাইবার পোর্টালে অভিযোগ দায়ের করেন।
সম্পর্কিত সংবাদ