Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিরোধীদের চাপে নত মোদি সরকার,   ওয়াকফ বিলের খসড়ায় যুক্ত ডিসেন্ট নোট

বিরোধীদের চাপে নত মোদি সরকার,   ওয়াকফ বিলের খসড়ায় যুক্ত ডিসেন্ট নোট
  • ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ওয়াকফ সংক্রান্ত সংশোধনী বিলের সংসদীয় কমিটির রিপোর্ট ইস্যুতে বৃহস্পতিবার বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের চাপে নত হল মোদি সরকার। বিরোধীদের দাবি মানতে বাধ্য হলেন যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যান জগদম্বিকা পাল। খসড়া রিপোর্টে সম্পূর্ণ ছেঁটে দেওয়া হলেও শেষমেশ বিরোধীদের বক্তব্য (ডিসেন্ট নোট) যুক্ত করা হল। লোকসভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উঠে দাঁড়িয়ে বলতে হল, ‘বিরোধীদের যা ডিসেন্ট নোট আছে, তা রিপোর্টে যুক্ত হলে বিজেপির কোনও আপত্তি নেই।’ 
Advertisement
গোড়ায় খসড়া রিপোর্ট তৈরি হয়েছিল ৬৫৫ পাতার। কিন্তু বিরোধীদের প্রবল চাপের মুখে ফাইনাল রিপোর্টে যুক্ত করা হল কল্যাণ বন্দ্যোপাধ্যায়, নাদিমুল হক, গৌরব গগৈ, এ রাজা, আসাদউদ্দিন ওয়াইসি সহ ১২ সাংসদের ২৮১ পাতার ডিসেন্ট নোট। ফাইনাল রিপোর্ট দাঁড়াল ৯৩৬ পাতার। বিষয়টিকে বিরোধীরা নিজেদের জয় হিসেবেই দেখছেন বলেই জানিয়েছেন কল্যাণবাবু। যদিও তাঁর এবং নাদিমুলের জমা দেওয়া ডিসেন্ট নোটের সাতটি পয়েন্ট ছেঁটে দিয়েছেন জগদম্বিকা পাল। 
তাই ‘রিপোর্ট অব দ্য জয়েন্ট কমিটি অন ওয়াকফ (অ্যামেন্ডমেন্ট) বিল ২০২৪’ পেশের সময় সংসদ উত্তাল করে বিরোধীরা। এদিন প্রথমে রিপোর্ট পেশ হয় রাজ্যসভায়। পরে লোকসভায়। দুই সভাতেই রিপোর্ট পেশের সময় প্রতিবাদে সোচ্চার হন ‘ইন্ডিয়া’ জোটের সদস্যরা। নেমে আসেন ওয়েলে। স্লোগান ওঠে, মোদি সরকার হায় হায়। মোদি সরকার ডাউন ডাউন। এমনকী মুর্দাবাদ জগদম্বিকা পাল। প্রবল হট্টগোলের মধ্যে রিপোর্ট পেশ হতেই বিজেপি বেঞ্চে করতালির ঝড় বয়ে যায়। স্লোগান ওঠে, ভারত মাতা কি জয়। যদিও প্রতিবাদে ‘ওয়াক আউট’ করে সম্মিলিত বিরোধীরা। 
রাজ্যসভাতেও সংসদীয় কমিটির সদস্য বিজেপির মেধা কুলকার্নি রিপোর্টটি পেশ করার সময়ই তীব্র প্রতিবাদ করে বিরোধীরা। আসন ছেড়ে দাঁড়িয়ে উঠে রিপোর্ট প্রত্যাহারের দাবি করেন। প্রতিবাদে ওয়েলে চলে যান তৃণমূলের নাদিমুল হক, শামিরুল ইসলাম, ডিএমকের এম মহম্মদ আবদুল্লা। সামান্য সময়ের জন্য মুলতুবিও হয়ে যায়। পরে সভা বসলে রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গে বলেন, বহু সাংসদ ‘ডিসেন্ট নোট’ জমা দিয়েছেন। কিন্তু সেগুলিকে অগ্রাহ্য করা হয়েছে। ফলে এই রিপোর্ট ভুয়ো। সংসদ বিষয়কমন্ত্রী কিরেন রিজিজু সাফ জানান, বিরোধীদের অভিযোগ সারবত্তাহীন। যদিও ‘ইন্ডিয়া’ জোট ওয়াক আউট করে। এরই মধ্যে ওয়াকফ সম্পত্তি সংক্রান্ত সরকারের জবাব সামনে আনেন বিজেপির রাজ্যসভায় সদস্য শমীক ভট্টাচার্য। তাঁর এক লিখিত প্রশ্নের জবাবে কিরেন রিজিজু জানিয়েছেন, বাংলায় মোট ৮০ হাজার ৫৪৮টি ওয়াকফ সম্পত্তি রয়েছে। তার মধ্যে জবরদখল হয়ে রয়েছে ৩৮০টি। ওয়াকফ সম্পত্তির তালিকায় রয়েছে রয়্যাল ক্যালকাটা গলফ ক্লাব এবং টালিগঞ্জ ক্লাবও। ২০২৩-২৪ অর্থবর্ষে দু’টি ক্লাবের প্রতিটিই ভাড়া দিয়েছে প্রায় ১৯ লক্ষ টাকা।
Advertisement
সম্পর্কিত সংবাদ