সংবাদদাতা, কুমারগ্রাম: কুমারগ্রাম ব্লকের বর্ধিষ্ণু জনপদ বারোবিশা। অসম-বাংলা সীমানায় অবস্থিত বারোবিশার উন্নয়নে পাঁচটি দাবি নিয়ে সরব হয়েছে স্থানীয় ব্যবসায়ী সমিতি। দাবিগুলি সংবলিত কয়েকটি ব্যানার বারোবিশার জনবহুল স্থানে সমিতির পক্ষ থেকে লাগানো হয়েছে। বারবিশায় থানা তৈরি, পূর্ণাঙ্গ হাসপাতাল তৈরি, প্রস্তাবিত কলেজ স্থাপন, বারোবিশা বাজারে অত্যাধুনিক মার্কেট কমপ্লেক্স নির্মাণ, অবিলম্বে বারোবিশাকে পুরসভা ঘোষণা করা- এই পাঁচটি দাবি জানানো হয়েছে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে। বারোবিশা ব্যবসায়ী সমিতির সভাপতি প্রভাস রঞ্জন দাস বলেন, বারোবিশার উন্নয়নে আমরা বিভিন্ন সময়ে দাবি করে আসছিলাম। কিছু দাবি পূরণ হয়েছে। যে দাবিগুলি পূরণ হয়নি, সেগুলি ব্যানারে লিখে আমরা প্রচার করছি।
Advertisement
এলাকায় থানা, হাসপাতাল, কলেজ, মার্কেট কমপ্লেক্স তৈরি সহ বারোবিশাকে পুরসভা করার দাবি আমরা রেখেছি। আমরা আশাবাদী, সরকার দাবিগুলি পূরণে সদর্থক ভূমিকা গ্রহণ করবে।



