Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বারাবনিতে ইসিএলের অফিস ভাঙচুর, আগুন

বারাবনিতে ইসিএলের অফিস ভাঙচুর, আগুন
  • ২৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: বুধবার দুপুরে অগ্নিগর্ভ হয়ে উঠল বারাবনি থানার চরণপুর। ব্লাস্টিংয়ের জেরে বাড়ি ফেটে যাচ্ছে বলে অভিযোগ তুলে এদিন চরণপুর, হাটতলা ও ফরিদপুরেব বাসিন্দারা ইসিএল কোলিয়ারির অফিস ভাঙচুর চালায়। উত্তেজিত জনতা অফিসে ঢুকে কম্পিউটার, ল্যাপটপ ভেঙে গুঁড়িয়ে দেয়। বহু গুরুত্বপূর্ণ নথিতে আগুন লাগিয়ে দেওয়া হয়। কর্মীদের থাকার জন্য রাখা বিভিন্ন আসবাবে ভাঙচুর করা হয়। অফিসে থাকা একের পর এক গাড়িতে ভাঙচুর চালানো হয়। আতঙ্কে এলাকা ছেড়ে পালান সংস্থার কর্মীরা। জানা গিয়েছে, বারাবনি থানার চরণপুরে একটি নতুন ওসিপি গড়ে উঠেছে। ইসিএলের কোলিয়ারি হলেও কয়লা উত্তোলনের বরাত একটি বেসরকারি সংস্থাকে দেওয়া হয়েছে। কোলিয়ারি চালু হওয়ার পর থেকেই সেখানে উত্তেজনা রয়েছে। অভিযোগ, কোলিয়ারি প্রজেক্টের জন্য যতটা জমি অধিগ্রহণ করা হয়েছে তার বাইরে থাকা বাড়িগুলিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। একের পর এক বাড়িতে চওড়া ফাটল ধরেছে। পুনর্বাসন দেওয়ার দাবিতে বারবার সরব হয়েছেন এলাকার মানুষজন। বহু আন্দোলনও হয়েছে। তাতেও কাজের কাজ কিছু হয়নি। অভিযোগ, অতিরিক্ত মাত্রায় ব্লাস্টিং করার জন্যই বিস্তীর্ণ অংশ কেঁপে উঠছে। মানুষের জীবন বিপন্ন হয়ে গিয়েছে। এদিন এলাকার বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে ওঠেন। ব্লাস্টিংয়ের জেরে দুপুরে তিনটি বাড়ি হেলে পড়ে বলে অভিযোগ। তারপরই বাসিন্দারা একত্রিত হয়ে অফিসে হামলা চালায়। এলাকার বাসিন্দাদের অভিযোগ, নতুন কোলিয়ারি হওয়ায় বিপন্ন হচ্ছে স্কুল। আইসিডিএস সেন্টারও সরাতে হয়েছে। কোলিয়ারি কর্তৃপক্ষ কোনওরকম উন্নয়নের কাজ করছে না। তার উপর বারবার ব্লাস্টিংয়ের জেরে মাথা গোঁজার ঠাঁই হারাতে বসেছি। আমরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছি।
Advertisement
বেসরকারি কয়লা উত্তোলনকারী সংস্থার আধিকারিক বিনোদ সিং বলেন, আমাদের অফিসে গ্রামবাসীরা হামলা করেছে। থানায় লিখিত অভিযোগ করছি। ইসিএলের এক আধিকারিক বলেন, আমরা পৃথকভাবে থানায় লিখিত অভিযোগ করব।
সম্পর্কিত সংবাদ