Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বরাবাজারের সিঁন্দরী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে অন্তর্বিভাগ চালু

বরাবাজারের সিঁন্দরী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে অন্তর্বিভাগ চালু
  • ৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মানবাজার: স্থানীয়দের দাবি মেনে পুরুলিয়ার বরাবাজার ব্লকের সিঁন্দরী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ফের অন্তর্বিভাগ চালু হয়েছে। রবিবার সকালে এক অনুষ্ঠানে এই পরিষেবার সূচনা করা হয়। সেখানে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা স্বপন সোরেন, পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাত, বান্দোয়ানের বিধায়ক রাজীবলোচন সোরেন, বরাবাজারের বিডিও ঋদ্ধিবান চট্টোপাধ্যায়, জেলার মুখ্য স্বাস্থ্য অধিকর্তা অশোক বিশ্বাস সহ অন্যরা উপস্থিত ছিলেন। অনেকবছর আগে এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে অন্তর্বিভাগে পরিষেবা মিলত। কিন্তু পরে পরিকাঠামোর অভাবে তা বন্ধ হয়ে যায়। এতদিন এখানে শুধু বহির্বিভাগে পরিষেবা মিলত। ফলে কাউকে ভর্তি করতে হলে অনেকটা দূরে বরাবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যেতে হতো। এতে রোগী ও তাঁর আত্মীয়রা সমস্যায় পড়তেন। সেজন্য এলাকার বাসিন্দারা বহুদিন ধরে সিঁন্দরীতে ফের অন্তর্বিভাগ চালুর দাবি জানিয়ে আসছিলেন। এদিন নতুন করে অন্তর্বিভাগের পরিষেবা শুরু হওয়ায় এলাকার মানুষ খুশি। বিধায়ক রাজীবলোচন সোরেন বলেন, এখানে ১০ শয্যাবিশিষ্ট অন্তর্বিভাগ পরিষেবার উদ্বোধন হয়েছে। মহিলাদের প্রসব, সাপে কাটা রোগীর চিকিৎসার এখানে করা যাবে। আগে কারও কিছু হলে দূরের বরাবাজার স্বাস্থ্যকেন্দ্রে যেতে হতো। এখন সমস্যা অতটা থাকবে না।
Advertisement
সম্পর্কিত সংবাদ