সংবাদদাতা, মানবাজার: পুরুলিয়ার বরাবাজার ব্লকের বড়রা থেকে পাতত্তোড়িয়া পর্যন্ত রাস্তা বেহাল। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই রাস্তার কোনও সংস্কার করা হয়নি। এর ফলে রাস্তা পুরোপুরি ভেঙে পড়েছে। নিত্যদিনের যাতায়াতে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। স্থানীয় প্রশাসনকে জানিয়েও সুরাহা মেলেনি। দ্রুত রাস্তা সংস্কারের উদ্যোগ নিক প্রশাসন, দাবি স্থানীয় বাসিন্দাদের। বরাবাজার থেকে ঝাড়খণ্ড সীমানা লাগোয়া পাতত্তোড়িয়া পর্যন্ত একটি রাস্তা রয়েছে। ওই রাস্তা দিয়ে ঝাড়খণ্ড যাওয়া যায়। কিন্তু বর্তমানে রাস্তাটির অবস্থা বেহাল। বরাবাজার থেকে বড়রা পর্যন্ত রাস্তা বছর খানেক আগে সংস্কার করা হয়েছে। কিন্তু বড়রা থেকে পাতত্তোড়িয়া পর্যন্ত রাস্তা মেরামত করা হয়নি। যার ফলে রাস্তা পুরোপুরি ভেঙে পড়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ার ফলে রাস্তার উপর বড় বড় গর্ত তৈরি হয়েছে। ওই রাস্তায় গাড়ি চলাচলের অসুবিধার সম্মুখীন হতে হয় বলে অভিযোগ। বর্ষাকালে রাস্তার অবস্থা আরও শোচনীয় হয়। বৃষ্টিতে রাস্তায় মধ্যে ছোট ছোট ডোবার আকার নেয়। স্থানীয়দের দাবি, ওই রাস্তা দিয়ে ঝাড়খণ্ডের হাতিখেদা মন্দির যাওয়া যায়। প্রতিদিন অনেক পুণ্যার্থী এই জেলা থেকেও ওই পথ দিয়ে সেখানে যায়। বড়রা থেকে পাতত্তোড়িয়া পর্যন্ত প্রায় তিন কিলোমিটারের মতো রাস্তার এমন অবস্থায় ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ওই পথ দিয়ে ১০ থেকে ১৫টি গ্রামের মানুষ যাতায়াত করেন। ব্লক শহর বরাবাজারে আসতে গেলে ওই পথ দিয়েই আসতে হয়। এ বিষয়ে ব্লকে লিখিত অভিযোগ জানানো হয়েছে। কিন্তু প্রশাসন কোনও ব্যবস্থা নেয়নি। এ বিষয়ে বরাবাজার ব্লকের বিডিও ঋদ্ধিবান চট্টোপাধ্যায় বলেন, রাস্তাটি সংস্কারের জন্য পরিকল্পনায় আছে। শীঘ্রই কাজ শুরু হবে।



