সংবাদদাতা, মানবাজার: এক ব্যক্তিকে খুনের অভিযোগে প্রতিবেশী দম্পতিকে গ্রেপ্তার করল পুরুলিয়ার বরাবাজার থানার পুলিস। ওই থানার তুইমা গ্রামে এঘটনা ঘটেছে। পুলিস জানিয়েছে, ধৃতরা হল সোনারাম বাস্কে ও তার স্ত্রী কালী মাঝি। শুক্রবার ওই গ্রামের বাসিন্দা শুকদেব সোরেন ওই দম্পতির বিরুদ্ধে তাঁর দাদা মঙ্গল সোরেনকে(৪০) খুনের অভিযোগ আনেন। পুলিস খুনের মামলা রুজু করে ওইদিনই অভিযুক্তদের গ্রেপ্তার করে। শনিবার ধৃতদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক পাঁচদিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন। শুকদেববাবু বলেন, বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ আমরা খাওয়া-দাওয়া করে শুয়ে পড়ি। আমার দাদা পুকুরে যাওয়ার কথা বলে বেরিয়ে যায়। শুক্রবার সকাল ৬টা নাগাদ গ্রামের এক ব্যক্তির কাছে জানতে পারি, দাদা গ্রামের সোনারাম বাস্কের বাড়িতে মৃত অবস্থায় পড়ে আছে। আমি সেখানে গিয়ে দাদার দেহ পড়ে থাকতে দেখি। দেহের পাশে রক্ত ছিল। বরাবাজার হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার দাদাকে মৃত ঘোষণা করেন। সোনারাম আমাকে বলে, রাতে দাদা ওদের বাড়ি গিয়েছিল। দাদার উপর আগে থেকে রাগ থাকায় সোনারাম ও তার স্ত্রী তাঁকে লাঠি ও রড দিয়ে পিটিয়ে মেরেছে। এরপরই আমি ওদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি। পুলিস জানিয়েছে, কী কারণে মঙ্গলকে খুন করা হয়েছে, তা জানার চেষ্টা চলছে। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হবে।



