Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বীরভূমের রাজগ্রাম স্টেশনে বিপজ্জনক ফুটব্রিজ, ক্ষোভ

বীরভূমের রাজগ্রাম স্টেশনে বিপজ্জনক ফুটব্রিজ, ক্ষোভ
  • ৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রামপুরহাট: ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বীরভূমের রাজগ্রাম স্টেশনে রেলের ফুটব্রিজ বিপজ্জনক অবস্থায় রয়েছে। জং ধরে খুলে পড়ছে ফুটব্রিজের একাংশ। তার উপর দিয়েই ঝুঁকি নিয়ে পারাপার চলছে। রেলের তরফে সেটি মেরামত শুরু হলেও তাতে খুশি নন নিত্যযাত্রী ও এলাকার বাসিন্দারা। তাঁরা নতুন ফুটব্রিজের দাবি তুলেছেন।
Advertisement
রাজগ্রাম স্টেশন ম্যানেজার কুণাল কুমার বলেন, পুরনো ফুটব্রিজটি আপাতত কিছুটা মেরামত করা হচ্ছে। পাকুড় যাওয়ার দিকে নতুন ফুটব্রিজের অনুমোদন হয়েছে। মাসখানেকের মধ্যেই কাজ শুরু হবে। এর আগে রেলের তরফে ফুটব্রিজের স্বাস্থ্যপরীক্ষা করা হয়েছিল। তাতে সেটির বেহাল দশা উঠে আসে। ২০১৯ সালে এলাকার বাসিন্দারা স্টেশন ম্যানেজারকে ঘিরে বিক্ষোভ দেখান। অভিযোগ, এরপর সামান্য মেরামত করে দায় সারে রেল। তারপর কয়েকবছরে ফুটব্রিজটি আরও জরাজীর্ণ হয়ে পড়েছে। শুক্রবার থেকে রেল কর্তৃপক্ষ ফের ফুটব্রিজের জায়গায় জায়গায় লোহার পাত বসিয়ে ঝালাই শুরু করেছে। কিন্তু তা নিয়ে নিত্যযাত্রীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। তাঁদের আশঙ্কা, বারবার জোড়াতালি দিয়ে মেরামতে যে কোনও সময় বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাঁরা নতুন করে ফুটব্রিজ তৈরির দাবি তুলেছেন। বাংলা ও ঝাড়খণ্ডের সীমানায় সাহেবগঞ্জ লুপের প্রথম স্টেশন রাজগ্রাম। সেখানকার এই ফুটব্রিজের উপর দিয়ে নিত্যযাত্রীরা নির্দিষ্ট প্লাটফর্মে এসে ট্রেন ধরেন। এছাড়া, প্রতিদিন এলাকার কয়েকহাজার মানুষ এই ফুটব্রিজ দিয়ে যাতায়াত করেন। কিন্তু ফুটব্রিজেরও কোনও অংশ ভেঙে গিয়েছে, আবার কোথাও জং ধরে সিঁড়ির অংশ খুলে পড়ছে। স্থানীয়দের অভিযোগ, পাঁচ-সাত বছর অন্তর রেল ফুটব্রিজের ভেঙে পড়া অংশে লোহার পাত বসিয়ে ঝালাই করে দিচ্ছে। পরে সেই অংশও জং ধরে খুলে খুলে পড়ছে। ফুটব্রিজের পূর্ণাঙ্গ সংস্কার হচ্ছে না। রেলযাত্রী মিঠু মুন্সি বলেন, ফুটব্রিজটি বহুদিন ধরে অবহেলিত। প্রাণের আশঙ্কা নিয়ে যাতায়াত করতে হচ্ছে। যে কোনও সময় ফুটব্রিজটি ভেঙে পড়তে পারে। এখন সামান্য কিছু অংশ মেরামত করা হচ্ছে। কিন্তু পুরোটাই জং ধরে রয়েছে। নতুন ফুটব্রিজ তৈরি করা দরকার।
সম্পর্কিত সংবাদ