Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বীরভূমের বক্রেশ্বর মন্দিরে পুণ্যার্থীর ঢল

বীরভূমের বক্রেশ্বর মন্দিরে পুণ্যার্থীর ঢল
  • ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: শিবরাত্রি উপলক্ষ্যে বীরভূমের বক্রেশ্বর মন্দিরে পুণ্যার্থীর ঢল নামল। সেইসঙ্গে দুবরাজপুরের পাহাড়েশ্বর মন্দির ও সাঁইথিয়ার নন্দীকেশরী সতীপীঠ মন্দিরেও ভক্তদের ভিড় ছিল নজরকাড়া। এছাড়াও, সিউড়ির ভুঁইফোঁড়তলা, মৌমাছি কালীমন্দির, বড় কালীবাড়ি, সেহড়াপাড়ার জোড়া শিবতলা সহ জেলার বিভিন্ন মন্দিরেই সকাল থেকে শিবের আরাধনায় লম্বা লাইন পড়েছিল। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে তা ক্রমশ দীর্ঘ হতে থাকে। আজ, বৃহস্পতিবারও বিভিন্ন মন্দিরে পুণ্যার্থীর ঢল নামবে। এদিন আর পাঁচজন পুণ্যার্থীর মতো সিউড়ির বাসিন্দা সুর্পণা চক্রবর্তী ও পিউ দাস শিবের আরাধনায় ব্রতী হয়েছিলেন। তাঁরা বলেন, শিবের মাথায় জল ঢালতে এসেছিলাম। পরিবার মঙ্গলকামনা করেছি।
Advertisement
শিবরাত্রি উপলক্ষ্যে বক্রেশ্বর মন্দির ফুল ও আলোকসজ্জায় সেজে উঠেছে। সুদূর বেঙ্গালুরু থেকে আনা ফুল দিয়ে মন্দিরের গর্ভগৃহ সাজানো হয়েছে। মন্দিরে আসা ভক্তদের সুবিধার্থে পুরুষ ও মহিলাদের জন্য পৃথক লাইনের ব্যবস্থা করা হয়। জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি প্রতিবেশী জেলাগুলি থেকেও পুণ্যার্থীদের আনাগোনা লক্ষ্য করা গিয়েছে। নিরাপত্তা সুনিশ্চিত করতে ৩০টি সিসি ক্যামেরা ও পৃথক তিনটি ওয়াচ টাওয়ারের মাধ্যমে নজরদারি চলছে। শিবরাত্রিকে কেন্দ্র করে মন্দিরের কাছে দেবপুকুর ও চন্দ্রসাইয়ের পাড়ে মেলা বসেছে। টানা তিনদিন ধরে মেলা চলবে। এদিন ভক্তদের ভিড় উপচে পড়ায় বক্রেশ্বর মন্দির কমিটি যথেষ্ট উচ্ছ্বসিত। 
Advertisement
সম্পর্কিত সংবাদ