Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বীরভূমের ৫ ব্লকে শুরু হল শিল্পের সমাধানে

বীরভূমের ৫ ব্লকে শুরু হল শিল্পের সমাধানে
  • ৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, সিউড়ি: বীরভূমের পাঁচটি ব্লকে শুরু হল শিল্পমেলা। যার নাম দেওয়া হয়েছে ‘শিল্পের সমাধানে’। আগামী দিনে জেলার প্রতিটি ব্লকেই এই মেলা অনুষ্ঠিত হবে। এই শিল্পমেলার মাধ্যমে জেলার ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগপতিদের নিজস্ব ব্যবসা ও কর্মসংস্থান তৈরি করতে উৎসাহ দিচ্ছে জেলা প্রশাসন। পাশাপাশি মেলা প্রাঙ্গণে প্রশাসনিক স্টলগুলিতে উদ্যোগপতিদের ব্যবসার জন্য বিভিন্ন প্রশিক্ষণ এবং ঋণের প্রয়োজনীয় ব্যবস্থা করার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। প্রাথমিক পর্যায়ে জেলার বোলপুর, নানুর, দুবরাজপুর, সিউড়ি সহ মোট পাঁচটি ব্লকে এই শিল্পমেলা অনুষ্ঠিত হচ্ছে। ২ থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত এই মেলা অনুষ্ঠিত হবে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রতিটি ব্লকে ছয় দিন করে এই মেলা থাকছে। সিউড়িতে সিউড়ি-১ নম্বর ব্লক অফিসের কাছে অনুষ্ঠিত হচ্ছে এই মেলা। জেলা প্রশাসনের ১১টি দপ্তরের স্টল সেখানে রয়েছে। এগ্রিকালচার, হর্টিকালচার, ফিসারি, স্বনির্ভর গোষ্ঠী, সংখ্যালঘু দপ্তর সহ একাধিক দপ্তরের স্টল সেখানে রাখা হয়েছে। পাশাপাশি শিল্পোদ্যোগীদের ঋণের ব্যবস্থা করার জন্য ব্যাংকের প্রতিনিধিরাও সেখানে উপস্থিত থাকছেন। শিল্পদ্যোগীদের পুরনো ব্যবসায় পরিকাঠামো গত উন্নয়ন এবং নতুন ব্যবসায়ীদের উৎসাহ দিতে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। প্রশাসনিক আধিকারিকদের দাবি, প্রাথমিক পর্যায়ের এই মেলাতে প্রথম থেকেই ভালো সাড়া পাওয়া যাচ্ছে। অর্থাৎ সাধারণ মানুষ কর্মসংস্থানের খোঁজে এই মেলায় অংশগ্রহণ করছেন। মঙ্গলবার সিউড়ি-১ ব্লক অফিসের কাছে অনুষ্ঠিত এই মেলায় আগত কয়েকজন মহিলা শিল্পোদ্যোগী মণিমালা দাস, সুজাতা দত্ত বলেন, আমাদের কাঁথাষ্টিচের ব্যবসা আছে। সরকারি ভাবে ঋণ নিয়ে আমরা ব্যবসা শুরু করেছিলাম। সেই ঋণ আরও কিছুটা বাড়িয়ে আমাদের ব্যবসা আরও বাড়াতে চাই। এই মেলার জন্য আমাদের অনেক উপকার হয়েছে।  
Advertisement
এই মেলা প্রসঙ্গে অতিরিক্ত জেলাশাসক উন্নয়ন বিশ্বজিৎ মোদক বলেন, প্রাথমিক পর্যায়ে জেলার পাঁচটি ব্লকে এই শিল্প মেলা অনুষ্ঠিত হচ্ছে। ভালোই সাড়া পাওয়া যাচ্ছে শিল্পদ্যোগীদের। আমরা চাই সাধারণ মানুষ স্বনির্ভর হওয়ার লক্ষ্যে এই মেলায় অংশগ্রহণের মাধ্যমে তারা নিজেদের ব্যবসাকে আরও এগিয়ে নিয়ে যাক। এখানে নতুন ব্যবসায়ীদের প্রশিক্ষণেরও ব্যবস্থা আছে।
সম্পর্কিত সংবাদ