Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বীরভূমের ৮ ব্লকে জয় জোহার মেলা শুরু

বীরভূমের ৮ ব্লকে জয় জোহার মেলা শুরু
  • ২১ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, সিউড়ি: বীরভূমের মোট আটটি ব্লকে শুরু হল জয় জোহার মেলা। এদিন জেলাস্তরের মূল অনুষ্ঠানটি হয় মহম্মদবাজার ব্লকের প্যাটেল নগর পিটিটিআই কলেজের পাশের ময়দানে। সেখানে দু-দিন ব্যাপী এই মেলা চলবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূমের জেলাশাসক বিধান রায়, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, অতিরিক্ত জেলাশাসক(সাধারণ) নিতু শুক্লা, বিডিও অভিষেক মিশ্র প্রমুখ। এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে আদিবাসীদের কয়েকজনকে জাতি শংসাপত্র, মাধ্যমিক ও উচ্চমাধ্যামিকের কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হয়। এছাড়া কৃষি যন্ত্রপাতি, কৃষি বীজ, খেলার সামগ্রী বিলি করা হয়। আদিবাসী অধ্যূষিত বিভিন্ন গ্রামের জাহের থান ও মাঝির থানের রেকর্ড সরকারিভাবে করে তা তুলে দেওয়া হয়। 
Advertisement
এদিন রাজনগর ব্লকেও একইভাবে এই মেলার উদ্বোধন হয়। সেখানে উপস্থিত ছিলেন সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, বিডিও শুভাশিস চক্রবর্তী, পঞ্চায়েতের প্রধান ও পঞ্চায়েত সমিতির নির্বাচিত জনপ্রতিনিধিরা। অনুষ্ঠান শেষে বিধায়ক বলেন, গোটা রাজ্যের মতো আমাদের জেলাতেও আটটি আদিবাসী অধ্যূষিত ব্লকে এই জয় জোহার মেলার উদ্বোধন করা হয়েছে। এই মেলার মাধ্যমে আদিবাসী সম্প্রদায়ের মানুষকে বিভিন্ন সরকারি সুবিধা দেওয়া হয়। 
এই মেলাগুলিতে থাকছে সরকারি স্টলের পাশাপাশি স্বনির্ভর মহিলাদের বিভিন্ন হাতের কাজের স্টল রয়েছে।  এদিন সিউড়ি-১ ও ২ ব্লক, বোলপুর, ইলামবাজার, সাঁইথিয়া সহ মোট আটটি ব্লকে এই মেলার সূচনা হয়। মহম্মদবাজারের অনুষ্ঠান মঞ্চ থেকে জেলাশাসক বলেন, জেলাস্তরের প্রধান অনুষ্ঠানটি এখানেই হল। আগামী দিনে খুব শীঘ্রই এই ব্লকে দেউচা পাচামি কয়লা খনির প্রাথমিক পর্যায়ের কাজ শুরু হবে। পুনর্বাসন, ক্ষতিপূরণ দেওয়ার কাজ চলছে।
সম্পর্কিত সংবাদ