সংবাদদাতা, সিউড়ি: ঐক্যশ্রী প্রকল্পে বীরভূম জেলায় প্রায় আড়াই লক্ষ সংখ্যালঘু পড়ুয়ার আবেদনপত্র জমা পড়েছে। প্রায় ৩০ শতাংশ আবেদন অনুমোদন হয়েছে। অনুমোদনপ্রাপ্ত পড়ুয়াদের রাজ্য সরকারের তরফে মোট ২৬ কোটির বেশি টাকা দেওয়া হয়েছে। সংখ্যালঘুদের জন্য ২০১৯-২০ অর্থবর্ষ থেকে রাজ্য সরকার ঐক্যশ্রী স্কলারশিপ প্রকল্প চালু করে। জেলা সংখ্যালঘু দপ্তর জানিয়েছে, ২০২৪-২৫ অর্থবর্ষে এই প্রকল্পে ২ লক্ষ ৪৬ হাজার ১৪১টি আবেদনপত্র জমা পড়েছে। তার মধ্যে ৩০-৩৫ শতাংশ আবেদন অনুমোদন করে রাজ্য সরকার টাকা দিয়েছে। এই টাকার পরিমাণ ২৬ কোটি টাকার বেশি। আরও বেশ কিছু আবেদন প্রক্রিয়ার মধ্যে রয়েছে। প্রথম শ্রেণি থেকে পিএইচডি-যে কেউ এই প্রকল্পে আবেদন করতে পারেন। বছরে সর্বোচ্চ ৩৩হাজার টাকা পর্যন্ত বৃত্তি পাওয়া যায়। ইতিমধ্যেই এই প্রকল্পকে ঘিরে সংখ্যালঘু শিক্ষার্থীদের মধ্যে বিপুল উৎসাহ দেখা দিয়েছে। নির্দিষ্ট ওয়েবসাইটের পাশাপাশি দুয়ারে সরকার শিবিরেও এই প্রকল্পের ফর্ম জমা নেওয়া হয়। ডিসেম্বর থেকে বীরভূমে দুয়ারে সরকার শিবির শুরুর কথা শোনা যাচ্ছে।



