নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: বীরভূম জেলায় এবছরের মতো নির্বিঘ্নেই সম্পন্ন হল মাধ্যমিক পরীক্ষা। শেষদিন, বৃহস্পতিবার ছিল ভৌতবিজ্ঞান পরীক্ষা। এদিন নতুন করে তিনজন পরীক্ষার্থী হাসপাতাল থেকে পরীক্ষা দিয়েছে। সব মিলিয়ে এদিন মোট পাঁচজন পরীক্ষার্থী হাসপাতাল থেকে পরীক্ষা দিয়েছে। অন্যদিকে, এদিন এক পরীক্ষার্থী রাইটারের সাহায্য নিয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের ডিস্ট্রিক্ট নোডাল অ্যাডভাইসারি কমিটির সদস্য অভিজিৎ নন্দন বলেন, প্রত্যেক পরীক্ষার্থীই যাতে পরীক্ষা দিতে পারে তা নিশ্চিত করতে এদিনও উপযুক্ত ব্যবস্থা করা হয়েছিল। শান্তিপূর্ণভাবে জেলায় মাধ্যমিক পরীক্ষা শেষ হল। এই সাফল্য টিম বীরভূমের।
Advertisement
এদিন পরীক্ষা শুরুর আগে থেকেই লাউজোর হাইস্কুলের পরীক্ষার্থী মল্লিকা দাস শ্বাসকষ্টে ভুগছিল। দ্রুত তাকে রাজনগর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। অন্যদিকে, পেটের সমস্যায় রাজনগর বালিকা বিদ্যালয়ের পরীক্ষার্থী মৌ মণ্ডলকেও সেখানে ভর্তি করা হয়। সেখানেই বুধবার থেকেই চিকিত্সাধীন ইতি মণ্ডল। তারা সকলেই সেখানে বসে শেষদিনের পরীক্ষা দিল। অন্যদিকে, পরীক্ষা শুরুর কিছু সময় বাদেই পারুলডাঙ্গা শিক্ষানিকেতন আশ্রম কন্যা বিদ্যালয়ের পরীক্ষার্থী সঞ্জিতা দাস অসুস্থ হয়ে পড়ে। দ্রুত তাকে সিয়ান মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে সেখানেই ওই পরীক্ষার্থী পরীক্ষা দেয়। এছাড়াও বাইক দুর্ঘটনায় জখম টিনা খাতুন সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিত্সাধীন। সেও হাসপাতাল থেকেই পরীক্ষা দিয়েছে। সেইসঙ্গে সিউড়ি মিউনিসিপ্যাল গার্লস হাইস্কুলের ছাত্রী তাথৈ মিত্র রাইটারের সাহায্য নিয়ে পরীক্ষা দিয়েছে। পরীক্ষা শেষে এদিন পরীক্ষার্থীদের চোখে মুখে স্বস্তির ছাপ দেখা গিয়েছে। সেইসঙ্গে শুরু হয়ে গিয়েছ ফল প্রকাশের প্রহর গোনা। ঝর্না খাতুন ও কেয়া কোনাই বলে, প্রতিটা বিষয়ের পরীক্ষাই খুব ভালো হয়েছে। ফল প্রকাশের অপেক্ষা শুরু হল এদিন থেকে।



