Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বীরভূমে মাধ্যমিকে এবার ছাত্রের তুলনায় ছাত্রীই বেশি

বীরভূমে মাধ্যমিকে এবার ছাত্রের তুলনায় ছাত্রীই বেশি
  • ১৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: বীরভূম জেলায় মাধ্যমিক পরীক্ষায় বসতে চলা ছাত্রীদের সংখ্যা যথেষ্ট নজর কেড়েছে। এবছর ছাত্রদের তুলনায় জেলায় ৩১৫৪জন বেশি ছাত্রী মাধ্যমিক পরীক্ষা দেবে। সেইসঙ্গে গত বছরের তুলনায় এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যাও অনেকটাই বেড়েছে। পরীক্ষা যাতে নির্বিঘ্নে সম্পন্ন করা নিয়ে বুধবার ডিআরডিসি হলে জেলাস্তরের বৈঠক করা হয়। সেই বৈঠকে জানানো হয়েছে, এবার মাধ্যমিকের পরীক্ষা কেন্দ্রগুলির বাইরে নোটিস দিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকার শেষ সময় উল্লেখ করা হবে। শুধু মাধ্যমিক নয়, এদিনের আলোচনায় উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রসঙ্গও ছিল।
Advertisement
এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক বিধান রায়, অতিরিক্ত জেলাশাসক(উন্নয়ন) বিশ্বজিৎ মোদক, জেলা বিদ্যালয় পরিদর্শক, মাধ্যমিক পরীক্ষার আহ্বায়ক, উচ্চমাধ্যমিক পরীক্ষার যুগ্ম আহ্বায়ক সহ অন্যান্যরা। ভেনু সুপারভাইজার, সেন্টার সেক্রেটারিদের নিয়ে বৈঠক চলে। কীভাবে দুই বড় পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় তা নিয়ে জেলাশাসক থেকে শুরু করে জেলা বিদ্যালয় পরিদর্শক বক্তব্য রাখেন। কোন কোন বিষয়ে কড়া নজর রাখতে হবে তা নিয়েও আলোচনা করা হয়। এদিন আধিকারিকদের বক্তব্যে উঠে আসে সিকরুমের বিষয়। সেখানেও কড়া নজরদারির কথা বলা হয়েছে। সেইসঙ্গে টুকলি রুখতেও কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়েছে। পরীক্ষার সময় বেশকিছু এলাকায় যান নিয়ন্ত্রণ করা হবে। পড়ুয়াদের যাতায়াতে যাতে কোনও সমস্যা না হয় সেদিকটিও যাতে নিশ্চিত করা যায়, তা নিয়েও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সেইসঙ্গে উচ্চমাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করেও কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবছর প্রতিটি পরীক্ষা কেন্দ্রেই মেটাল ডিটেক্টর বসানো হবে।  
জেলা প্রশাসনের তরফে জানা গিয়েছে, এবছর মোট ৪৭ হাজার ৩০০জন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দেবে। ছাত্রদের সংখ্যা ২২ হাজার ৭৩জন। ছাত্রী সংখ্যা ২৫ হাজার ২২৭জন। জেলায় মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ১২৯টি রয়েছে। তার মধ্যে ৩৮টি মেন ভেনু রয়েছে। জেলাশাসক বলেন, ছাত্রীরা কন্যাশ্রী পাচ্ছে। তার সুফল এটা।
সম্পর্কিত সংবাদ