Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বীরভূমে একই রাতে তিনটি ডাকাতির ছক বানচাল পুলিসের

বীরভূমে একই রাতে তিনটি ডাকাতির ছক বানচাল পুলিসের
  • ৩০ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, সিউড়ি: বীরভূম জেলায় একই রাতে তিন থানার পুলিস তিনটি পৃথক ডাকাতির ছক বানচাল করল। জেলার মহম্মদবাজার, সদাইপুর ও সিউড়ি থানার উদ্যোগে ডাকাতির আগেই তিনটি ডাকাতদলকে ধরা হয়েছে। মহম্মদবাজার থানার পুলিস ১১জনের দলকে ধরেছে। সদাইপুর ও সিউড়ি থানার পুলিস যে দু’টি দলকে ধরেছে, তাতে চারজন করে ছিল।
Advertisement
মহম্মদবাজারের ডাকাতদলের থেকে তল্লাশি চালিয়ে দু’টি আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড কার্তুজ, হাতুড়ি, লোহা কাটার যন্ত্র ইত্যাদি উদ্ধার করেছে পুলিস। সিউড়ি ও সদাইপুরের ডাকাতদলের থেকে বেশ কিছু ধারালো অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত কিছু সামগ্রী উদ্ধার হয়েছে।
পুলিস জানিয়েছে, বৃহস্পতিবার মাঝরাতে মহম্মদবাজার থানার পাথর শিল্পাঞ্চলের ভারকাটায় একটি খাবারের হোটেলে বেশ কয়েকজন দুষ্কৃতী জমায়েত করেছিল। সেখানে তারা ডাকাতির বিভিন্ন পরিকল্পনা করছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিস আচমকা ওই হোটেলে হানা দেয়। সেসময় কয়েকজন পালিয়ে গেলেও পুলিস ১১জনকে গ্রেপ্তার করে। তাদের ব্যাগে তল্লাশি চালিয়ে দু’টি আগ্নেয়াস্ত্র, কার্তুজ সহ অন্য সামগ্রী উদ্ধার করা হয়। পুলিস প্রাথমিক তদন্তে জানতে পেরেছে, পাথর শিল্পাঞ্চলের বিভিন্ন খাদান ও ক্রাশারে ডাকাতির উদ্দেশ্যেই এরা জড়ো হয়েছিল।
বৃহস্পতিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে সদাইপুর থানার মুড়ামাঠ লাগোয়া জঙ্গল থেকে চার দুষ্কৃতীকে পুলিস গ্রেপ্তার করে। তারা কাঁকরতলা থানার হরিএকতলা গ্রামের বাসিন্দা। সিউড়ি থানার পুলিসও সিউড়ির একটি জায়গা থেকে চারজনকে গ্রেপ্তার করেছে। তারাও কাঁকরতলার হরিএকতলার বাসিন্দা।
পুলিস জানতে পেরেছে, হরিএকতলা গ্রাম থেকে ডাকাতদের একটি দল লোকপুর, রাজনগর, চন্দ্রপুর হয়ে সিউড়ির দিকে গিয়েছিল। অপর দলটি সদাইপুরের দিকে চলে যায়। এই দলটি মূলত ফ্যাক্টরিতে ডাকাতি করে। সমস্ত ঘটনার ক্ষেত্রে ডাকাতির আগেই পুলিস পরিকল্পনা ভেস্তে দিয়েছে। এই দলগুলির একে অপরের সঙ্গে যোগসূত্র আছে কিনা-তা পুলিস খতিয়ে দেখছে।
জেলা পুলিসের এক আধিকারিক বলেন, একই রাতে তিনটি থানার উদ্যোগে তিনটি ডাকাতদলকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে কোনও লিঙ্ক আছে কিনা-তা জানতে তদন্ত শুরু হয়েছে। মহম্মদবাজারের ডাকাতদলের কাছে আগ্নেয়াস্ত্রও পাওয়া গিয়েছে।
সম্পর্কিত সংবাদ