সংবাদদাতা, সিউড়ি: স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছিল না। পারিবারিক কলহের জেরে স্বামী তাদের এক বছরের সন্তানকে স্ত্রীর কাছ থেকে কেড়ে নেয়। তারপর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের দ্বারস্থ হয়ে সেই শিশুকে ফিরে পেল তার মা। বীরভূম ডিএলএসের উদ্যোগে ওই শিশুকে তার মায়ের কাছে ফেরানো হয়েছে। ওই মহিলার অভিযোগ দায়েরের এক দিনের মধ্যেই ঘটনার নিষ্পত্তি করে ডিএলএস। বুধবার ডিএলএস সূত্রে জানা গিয়েছে, বীরভূমের রাজনগরের গৃহবধূ প্রীতি খাতুনের বাপের বাড়ি মহম্মদবাজারে। মঙ্গলবার তিনি মহম্মদবাজার থানার আইনি সহায়তা আধিকারিকের কাছে একটি অভিযোগ জানিয়েছিলেন। তাতে তিনি জানান, পারিবারিক অশান্তির কারণে স্বামীর সঙ্গে তাঁর বনিবনা হচ্ছে না। সেই কারণে তাঁর এক বছরের শিশুকে আটকে রেখে তাঁকে ঘর থেকে বের করে দেওয়া হয়। সেই অভিযোগের ভিত্তিতে বুধবার ডিএলএসের সেক্রেটারি নিরুপমা দাস ভৌমিকের উদ্যোগে ওই শিশুকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়। এদিন নিরুপমাদেবী বলেন, ওই গৃহবধূকে তাঁর স্বামী তাঁদের এক বছরের সন্তানকে আটকে রেখে তাঁকে ঘর থেকে বের করে দেন। তাঁর অভিযোগ ছিল, শ্বশুরবাড়ির লোকজন সাত-আট দিন ধরে জোর করে তাঁদের এক বছরের শিশুপুত্রকে আটকে রেখেছে। মহিলার অভিযোগের একদিনের মধ্যেই ওই শিশুকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হল। শিশুটিকে পুলিসি সহায়তায় মায়ের কাছে ফেরানো হয়েছে।



