জাপান-৩ : ব্রাজিল-২
জাপান-৩ : ব্রাজিল-২
টোকিও: দু’গোলের লিড নিয়েও শেষ পর্যন্ত মুখ থুবড়ে পড়ল ব্রাজিল। মঙ্গলবার টোকিওতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখে সেলেকাওদের ৩-২ ব্যবধানে হারিয়েছে জাপান। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে এটাই তাদের প্রথম জয়। উল্লেখ্য, জয়ী দলের তিন গোলদাতা যথাক্রমে তাকুমি মিনামিনো, কেইটো নাকামুরা ও আয়াসে উয়েদা। আর ব্রাজিলের হয়ে গোল করেন পাওলো হেনরিক ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লি।
গত মে মাসে আনসেলোত্তি দায়িত্ব নেওয়ার পর দ্বিতীয় হারের স্বাদ পেল ব্রাজিল। তবে এদিন শুরুটা দাপটে করেছিল সেলেকাওরা। ২৬ মিনিটে কাঙ্ক্ষিত লিড পায় আনসেলোত্তির দল। ব্রুনো গিমারাইসের ডিফেন্স চেরা পাস থেকে লক্ষ্যভেদ পাওলো হেনরিকের (১-০)। ছয় মিনিটের মধ্যেই ব্যবধান বাড়ান গ্যাব্রিয়েল মার্তিনেল্লি (২-০)। তবে দ্বিতীয়ার্ধে অজানা কোনও কারণে ম্যাচ থেকে হারিয়ে গেল সাম্বার দেশ। আর সেই সুযোগে তেড়েফুঁড়ে একের পর এক আক্রমণ শানাতে থাকে জাপান। ৫২ মিনিটে মিনামিনোর গোলে লড়াইয়ে ফেরে হোম টিম (২-১)। ৬২ মিনিটে সমতায় ফেরান নাকামুরো (২-২)। আর ৭১ মিনিটে উয়েদার জয়সূচক গোলে আবেগের বিস্ফোরণ ঘটে টোকিওতে (৩-২)।
এদিকে, প্রথমবারের মতো বিশ্বকাপের যোগ্যতা অর্জন করে সাড়া ফেলে দিল কেপ ভার্দে। আটলান্টিক মহাসাগরের ১০টি আগ্নেয়দ্বীপ নিয়ে গঠিত আফ্রিকার এই দেশটি। জনসংখ্যা ৬ লক্ষেরও কম। উল্লেখ্য, গত মাসে ক্যামেরুনকে হারিয়েই টিকিট প্রায় নিশ্চিত করে ফেলেছিল কেপ ভার্দে। সোমবার বাছাই পর্বে এসওয়াতিনিকে ৩-০ ব্যবধানে হারাতেই জায়গা পাকা হয় কেপ ভার্দের। উত্সবে মাতেন দেশবাসী। সত্যিই তাদের থেকে শিক্ষা নেওয়া উচিত ভারতের।