Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

আনসেলোত্তির অধীনে অনুশীলন শুরু ব্রাজিলের

আনসেলোত্তির অধীনে অনুশীলন শুরু ব্রাজিলের
  • ৪ জুন, ২০২৫ ০৪:০৫
Prefer us on Google

সাও পাওলো: ব্রাজিলের হেড কোচের পদে কাজ শুরু করে দিলেন কার্লো আনসেলোত্তি। আসন্ন দু’টি বিশ্বকাপের বাছাই পর্বের জন্য সোমবারই জাতীয় শিবিরে যোগ দেন রাফিনহা, কাসেমিরোরা। ফুটবলারদের সঙ্গে পরিচিতি পর্ব সারার পরই ছোট্ট টিম মিটিং সারেন অভিজ্ঞ ইতালিয়ান কোচ। এরপর দল নিয়ে প্রস্তুতিতে নেমে পড়েন তিনি। অনুশীলনের শুরুতে ফের একবার দলের সিনিয়র ফুটবলারদের সঙ্গে আলাদা করে কথা বলেন ব্রাজিল কোচ।

Advertisement

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের দায়িত্ব নিয়ে প্রথমবার দল গঠনে মূলত চেনা ফুটবলারদের উপর আস্থা রাখেন আনসেলোত্তি। দীর্ঘদিন বাদে জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটে কাসেমিরো, রিচার্লিসনদের। এছাড়া রিয়াল মাদ্রিদে দীর্ঘদিন আনসেলোত্তির প্রশিক্ষণে খেলা ভিনিসিয়াস জুনিয়র এই ব্রাজিল দলের অন্যতম সেরা ভরসা। পাশাপাশি ক্লাব ফুটবলে দুরন্ত ছন্দে রয়েছেন রাফিনহা, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, ব্রুনো গুইমারেজরা। তবে কিছুটা অবাক করেই নেইমারকে দলে রাখেননি অভিজ্ঞ কোচ। তাই আসন্ন দু’টি ম্যাচে ব্রাজিলিয়ান তারকার অভাব কতটা মেটাতে পারেন বাকিরা, সেটাই দেখার।
৫ জুন বিশ্বকাপের বাছাই পর্বে অ্যাওয়ে ম্যাচে ইকুয়েডরের মুখোমুখি হবে ব্রাজিল। পাঁচদিন বাদে ঘরের মাঠে প্যারাগুয়ের মুখোমুখি হবে তারা। বর্তমানে ১৪ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে বাছাই পর্বের লিগ তালিকায় চতুর্থস্থানে রয়েছে ব্রাজিল। তবে ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে প্যারাগুয়ে ও কলম্বিয়া। তাই আসন্ন দু’টি ম্যাচ জিতে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিতের পথে এগিয়ে যাওয়াই লক্ষ্য আনসেলোত্তি ব্রিগেডের।

Advertisement
সম্পর্কিত সংবাদ