আর্জেন্তিনা- ১ : উরুগুয়ে- ২
জাপান- ৩ : ব্রাজিল- ২
বুয়েনস আইরেস: দীর্ঘ দু’দশকের বেশি সময় তিনিই দলের নিউক্লিয়াস। তাঁর নেতৃত্বেই ২০২২’এ বিশ্বসেরার সম্মান। এছাড়া আরও দু’টি বিশ্বকাপের ফাইনালে ওঠা। কিন্তু এখন আর্জেন্তিনার কাছে লায়োনেল মেসি শুধুই অতীত। তাঁর অবসরের পর শনিবারই প্রথম মাঠে নামে লায়োনেল স্কালোনি-ব্রিগেড। তবে জয় নয়, হারের স্বাদই পেতে হল জুলিয়ান আলভারেজদের। ঘরের মাঠে উরুগুয়ের কাছে ১-২ ব্যবধানে বশ মানল আর্জেন্তিনা। দ্বিতীয়ার্ধের শুরুতে লিওনার্দো বালের্দির আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এরপর উরুগুয়ের হয়ে ২-০ করেন ম্যাক্সিমিলিয়ানো আরাহু। ৭৩ মিনিটে জুলিয়ান আলভারেজের গোলে ব্যবধান কমালেও হার এড়াতে ব্যর্থ স্কালোনির দল। ম্যাচে একাধিক সুযোগ নষ্টের খেসারত দিতে হল আর্জেন্তিনাকে।
দিনের অপর ম্যাচে জাপানের কাছে হারল লাতিন আমেরিকার আর এক হেভিওয়েট দল ব্রাজিল। ঘরের মাঠে ৩-২ গোলে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নেয় এশিয়ার দেশটি। ম্যাচে জাপানের হয়ে জাল কাঁপান যথাক্রমে তাকেফুসা কুবা, কেইটো নাকামুরা ও তাসুহিরো সাকামোতো। ব্রাজিলের হয়ে জোড়া গোল ভিনিসিয়াস জুনিয়রের। উল্লেখ্য, প্রথমার্ধের শেষলগ্নে লাল কার্ড দেখেন রাফিনহা। ফলে দ্বিতীয়ার্ধে ১০ জনে খেলে লড়াই চালালেও শেষ পর্যন্ত হেরে মাঠ ছাড়ে আনসেলোত্তির ছেলেরা।



