Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ভিনিসিয়াসের গোলে জিতল ব্রাজিল

সংযোজিত সময় চলছে। ম্যাচের ফল তখনও ১-১। ঠিক তখনই ভিনিসিয়াস-ম্যাজিক। কলম্বিয়ার বিরুদ্ধে ব্রাজিলের ২-১ গোলে জয়ের নেপথ্যে সাম্বা তারকা।

ভিনিসিয়াসের গোলে জিতল ব্রাজিল
  • ২২ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ব্রাজিল-২         :     কলম্বিয়া-১

Advertisement

সাও পাওলো: সংযোজিত সময় চলছে। ম্যাচের ফল তখনও ১-১। ঠিক তখনই ভিনিসিয়াস-ম্যাজিক। কলম্বিয়ার বিরুদ্ধে ব্রাজিলের ২-১ গোলে জয়ের নেপথ্যে সাম্বা তারকা। বুঝিয়ে দিলেন, ফিফার বিচারে কেন তিনি বর্ষসেরা। বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে কলম্বিয়াকে বশ মানিয়ে গ্রুপে দ্বিতীয় স্থানে পৌঁছল ব্রাজিল। ১৩ ম্যাচে সেলেকাওদের পয়েন্ট ২১। অন্যদিকে, ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকার গ্রুপ শীর্ষে রয়েছে আর্জেন্তিনা।
পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে সাম্প্রতিক ফর্ম পাতে দেওয়ার মতো নয়। কোপা আমেরিকাতেও ব্যর্থ ডোরিভাল জুনিয়রের দল। তার উপর চোটের কারণে দীর্ঘদিন অনুপস্থিত নেইমার। এমন পরিস্থিতিতে কলম্বিয়ার বিরুদ্ধে পয়েন্ট নষ্ট করলে চাপে পড়ত ব্রাজিল। যাই হোক, ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেন রডরিগো, গুইমারেজরা। ম্যাচের ষষ্ঠ মিনিটে ভিনিসিয়াসকে রুখতে গিয়ে ফাউল করেন কলম্বিয়ার ডিফেন্ডার মুনোজ। স্পটকিক কাজে লাগাতে কোনও ভুল হয়নি রাফিনহার (১-০)। উইং থেকে বেশ কয়েকবার বিপজ্জনক মুভমেন্ট তুলে আনেন তিনি। তবে শুরুতে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি কলম্বিয়া। বিরতির আগে দলকে সমতায় ফেরান লুইস ডিয়াজ (১-১)। ৬৮ মিনিটে নিশ্চিত গোল বাঁচান ব্রাজিল গোলরক্ষক আলিসন বেকার। এই পর্বে বিপক্ষের টাফ ফুটবল সামলাতে চাপে পড়ে ব্রাজিল। এরপর অন্তিম পর্বে ভিনি জাল কাঁপাতেই হাসি ফোটে ডোরিভালের মুখে। বিপক্ষ বক্সের বাঁ দিকে বল ধরে কাট করে কোনাকুনি শট নেন ভিনি। তা কলম্বিয়ার এক ফুটবলারের মাথায় লেগে জালে আছড়ে পড়ে (২-১)।

সম্পর্কিত সংবাদ