Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বাড়ির সীমানা ঘেরার কাজে বিপজ্জনক তার ব্যবহারে নিষেধাজ্ঞা আনছে পুরসভা

বাড়ির সীমানা ঘেরার কাজে বিপজ্জনক তার ব্যবহারে নিষেধাজ্ঞা আনছে পুরসভা
  • ১০ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, শিলিগুড়ি: বসতি এলাকায় বাড়ি বা জমির সীমানা ঘেরার ক্ষেত্রে বিপজ্জনক তার ব্যবহারে নিষেধাজ্ঞা আনতে চলেছে শিলিগুড়ি পুরসভা। অভিযোগ, শিলিগুড়ি শহরের বিভিন্ন জায়গায়  বাড়ি বা জমিতে রেজার ওয়্যার অর্থাৎ তারের মধ্যে ব্লেডের মতো ধারালো পাতের টুকরো লাগানো তার দিয়ে সীমানা ও বাড়ির চারদিক ঘেরা হচ্ছে। এতে গৃহপালিত পশু সহ সাধারণ মানুষেরও বড়সড় বিপদ হতে পারে। 
Advertisement
শনিবার শিলিগুড়ি পুরসভার টক টু মেয়র ফোন ইন লাইভ অনুষ্ঠানে ২৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুরজিৎ মজুমদার এবিষয়টি মেয়র গৌতম দেবের নজরে আনেন। তিনি বলেন, শহরের বেশকিছু জায়গায় বাড়ি ও জমির সীমানা ঘেরার কাজে এধরনের তার ব্যবহার করা হচ্ছে। এতে পারাপার করতে গিয়ে গৃহপালিত পশুপাখির সঙ্গে সাধারণ মানুষেরও বড়সড় দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। এবিষয়ে তিনি মেয়রের হস্তক্ষেপ চান 
সুরজিৎবাবুর এই পর্যবেক্ষণকে স্বাগত জানান মেয়র। বলেন, এধরনের তার শুধু বসতি এলাকায় নয়, জঙ্গলের অনেক ক্ষেত্রে ব্যবহার নিষিদ্ধ। এধরনের তার ব্যবহারের ক্ষেত্রে গৃহপালিত পশু সাধারণ মানুষ ক্ষতবিক্ষত হয়ে প্রাণ সংশয় দেখা দিতে পারে। এব্যাপারে তিনি পুরসভার সচিব অনাবিল দত্তকে আইন খতিয়ে দেখে এধরনের তার দিয়ে পুরসভা এলাকায় জমি বা বাড়ি ঘেরার কাজ বন্ধের ব্যাপারে নোটিস জারি করতে বলেন। এছাড়া এদিন  টক টু মেয়র অনুষ্ঠানে পানীয় জলের সমস্যার পাশাপাশি এলাকার কালভার্ট, ভাঙা রাস্তা মেরামতের দাবি জানিয়ে অনেকে ফোন করেন। 
মেয়র বলেন, এটি ছিল ৮৯তম টক টু মেয়র  ফোন ইন অনুষ্ঠান। প্রতিদিনই শহরের নাগরিকরা বিভিন্ন ধরনের সমস্যার পাশাপাশি পুরসভার কাজ নিয়েও নানা ধরনের পরামর্শ দেন। এতে এই অনুষ্ঠান সার্থকতা পেয়েছে। পুর  পরিষেবা উন্নত করার ক্ষেত্রে নাগরিকদের এধরনের অংশগ্রহণ আমাদের কাজে গতি বাড়িয়েছে।
সম্পর্কিত সংবাদ