সংবাদদাতা, কালিয়াগঞ্জ: ইট বোঝাই ট্রাক্টারের সঙ্গে বাইকের সংঘর্ষ। তাতে মৃত্যু হল বাইক আরোহীর। জখম হয়েছেন বাইক চালক। ঘটনাকে কেন্দ্র করে রবিবার দুপুরে উত্তেজনা ছড়ায় কালিয়াগঞ্জ ব্লকের পশ্চিম দুর্গাপুরে। পুলিস জানিয়েছে, মৃতের নাম সোহেলা রানা(১৯)। সে হেমতাবাদ ব্লকের ইসলামপুরের বাসিন্দা। এই দুর্ঘটনায় নজরুল ইসলাম(২৪) নামে বাইক চালক জখম হয়েছেন। সেও একই গ্রামের বাসিন্দা।
পুলিস সূত্রে খবর, এদিন দুপুরে সোহেলকে সঙ্গে নিয়ে নজরুল বাইক চালিয়ে সেলুন থেকে চুল কাটিয়ে ফিরছিলেন। সেই সময় পশ্চিম দুর্গাপুরে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ইটের গাড়িতে ধাক্কা মারে। দু’জনকে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে আনা হলে চিকিৎসক সোহেলকে মৃত ঘোষণা করেন। নজরুলকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। কালিয়াগঞ্জ থানার পুলিস ট্রাক্টরটিকে আটক করলেও চালককে ধরতে পারেনি। মৃতদেহ ময়নাতদন্তের পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। মৃতের আত্মীয় আফসার আলি বলেন, বাড়িতে বিয়ের অনুষ্ঠান রয়েছে। তাই দুই দাদা চুল কাটাতে সেলুনে গিয়েছিল। ফেরার পথে পথ দুর্ঘটনা হয়।