সংবাদদাতা, রামপুরহাট: বিয়ের নয় মাসের মাথায় নাবালিকা বধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল নলহাটির ৫ নম্বর ওয়ার্ডের বাগানপাড়ায়। পুলিস জানিয়েছে, মৃতার নাম লক্ষ্মী মাল (১৭)। নয়মাস আগে মুরারইয়ের ভাদীশ্বরের এক যুবককে সে বিয়ে করে। বৃহস্পতিবার সকালে নলহাটির বাগানপাড়ায় বাপের বাড়ির চিলেকোঠা থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পেশায় কলমিস্ত্রি মৃতার বাবা সমীর মাল বলেন, কালীপুজোর সময় মেয়ে আমার বাড়িতে আসে। বুধবারই তাঁর শ্বশুরবাড়ি চলে যাওয়ার কথা ছিল। আমিই বলেছিলাম ছটপুজো দেখে যাবি। বুধবার সন্ধ্যায় মেয়ে আমার বোনের বাড়িতে ছিল। কিন্তু রাত ১১ টা বেজে গেলেও বাড়ি না আসায় বোনের বাড়ি যাই। কিন্তু বোন বলে অনেক আগেই চলে গিয়েছে। এরপর খোঁজাখুঁজি করেও পাইনি। অবশেষে এদিন সকালে বাড়ির ছাদের চিলেকোঠায় তাঁকে গলায় গামছা জড়িয়ে ঝুলতে দেখা যায়। তিনি বলেন, মেয়ে কেন আত্মহত্যা করল বুঝতে পারছি না। তবে প্রতিদিনই ফোনে জামাইয়ের সঙ্গে তাঁর ঝগড়া হত। সেটাই কারণ কিনা বলতে পারছি না। পুলিস জানিয়েছে, এখনও পর্যন্ত এঘটনায় মৃতার পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ দায়ের হয়নি। একটি অস্বাভাবিক মৃত্যুর তদন্ত শুরু হয়েছে।



